প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২০ এএম
মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীতখুলনা রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক ইট-বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে জাকির হোসেন স্থানীয় হিরকের দোকানে বসেছিলেন। এ সময় হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে অতর্কিতভাবে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। পুলিশি তদন্ত ও অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।
সময়ের আলো/এমকে