প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম
বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি। ছবি : সময়ের আলোমুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যাওয়া পুলিশের গাড়ি লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমগাটা গ্রামে এসব ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরেই দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ান।
সময়ের আলো/আতা