প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পিএম
অভিযুক্ত পলাশ আলী। ছবি : সংগৃহীত রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পলাশ এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার প্রাণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে তানোর থানা-পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানার সূত্র ধরে পলাশ নামের এক যুবককে আটকা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। সেখানে তার সহকর্মী হিসেবে কাজ করতেন ২৭ বছর বয়সি এক তরুণী। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করলে বিচারক পলাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। বিষয়টি জানার পর উপজেলার দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। তারা যাচাই-বাছাই করে আমাকে সঠিক তথ্য জানাবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা