প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম
গ্রাফিক : সময়ের আলোচার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে ডাক বিভাগের গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে তিনজন, নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন তরুণ এবং বগুড়ার শেরপুর ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে উপজেলার কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের কামারুজ্জামানের ছেলে আবুল কালাম আজাদ (২৮), গাড়িচালক জসিম (৪০) ও মেইল ক্যারিয়ার মজনু মিয়া (৫৪)। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী ডাক বিভাগের গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির তিন আরোহী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাধবপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শাহাদাত হোসেন (১৯), আব্দুল করিম (১৭) ও মোহাম্মদ শামীম (২০)। তারা তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিলেন। নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটির চাকা পিছলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। হাসপাতালে নেওয়ার পর করিম ও শাহাদাতের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান শামীম। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া : বগুড়ার শেরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সুমন আহম্মেদ (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চকপোতা গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের ছেলে এবং দুপচাঁচিয়া অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন। অটোরিকশায় কর্মস্থলে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সাহেদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কের রোশাইপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাহেদ স্থানীয় একটি হার্ডওয়্যার দোকানে চাকরি করতেন। শান্তিরহাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হয়।
সময়ের আলো/আতা