‘বাংলাদেশি’ পরিচয়ে রোহিঙ্গার জন্মনিবন্ধন, ১৮ বছর পর বাতিল

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রায় ১৮ বছর আগে বাংলাদেশি পরিচয়ে এক রোহিঙ্গার করা জন্মনিবন্ধন অবশেষে বাতিল করা হয়েছে। জন্মনিবন্ধন বাতিলের প্রশাসনিক প্রক্রিয়া

2026-11-13T00:06:01+00:00
2026-11-13T00:06:01+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘বাংলাদেশি’ পরিচয়ে রোহিঙ্গার জন্মনিবন্ধন, ১৮ বছর পর বাতিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০৬ এএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রায় ১৮ বছর আগে বাংলাদেশি পরিচয়ে এক রোহিঙ্গার করা জন্মনিবন্ধন অবশেষে বাতিল করা হয়েছে। জন্মনিবন্ধন বাতিলের প্রশাসনিক প্রক্রিয়া আরও আগে শুরু হলেও অনলাইন ডেটাবেইস থেকে তা সরাতে সময় লেগেছে প্রায় দেড় বছর। অবশেষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেটি সরিয়ে নেওয়া হয় এবং অনলাইন জন্মনিবন্ধন যাচাই করে সনদটির আর কোনো তথ্য পাওয়া যায়নি।

সরকারি নথি অনুযায়ী, বাতিল হওয়া জন্মনিবন্ধনটি মোহাম্মদ ছলিম নামের মিয়ানমারের এক নাগরিকের। প্রায় ৩০ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে বসবাস শুরু করেন। পরে একই গ্রামের মৃত হাবিব উল্লাহর মেয়ে মোস্তফা খাতুনকে বিয়ে করেন।

নথিপত্রে দেখা যায়, ২০০৮ সালের ১০ জুলাই ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মোহাম্মদ ছলিমের নামে জন্মনিবন্ধন করা হয়। সেখানে তার জন্মতারিখ উল্লেখ করা হয় ১৯৬৫ সালের ৪ মার্চ। বাবা ও মা হিসেবে দেখানো হয় পার্শ্ববর্তী এলাকার মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমকে। তাদের দুজনের জাতীয়তাও উল্লেখ করা হয় বাংলাদেশি। জন্মনিবন্ধনের নম্বর ছিল ১৯৬৫২২১২৪৪২০১৫৪০৩। পরবর্তী সময়ে ২০২১ সালের ৮ জুন তাকে ওই সনদের একটি প্রতিলিপিও দেওয়া হয়।

তবে জন্মনিবন্ধনে বাবা-মা হিসেবে যাদের নাম ব্যবহার করা হয়েছিল, তাদের পরিবারের সদস্য নূরুল হুদার অভিযোগের পর বিষয়টি সামনে আসে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর স্থানীয় পর্যায়েও আলোচনা-সমালোচনা শুরু হয়।

একপর্যায়ে নিজের পরিচয় গোপন করে জন্মনিবন্ধন নেওয়ার বিষয়টি স্বীকার করেন মোহাম্মদ ছলিম। ২০২৫ সালের ২১ এপ্রিল ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত আবেদনে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে প্রকৃত তথ্য গোপন করে প্রতিবেশী মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমকে বাবা-মা পরিচয় দিয়ে জন্মনিবন্ধন করানোর কথাও স্বীকার করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেন তৎকালীন ইউএনও। পরে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম সরেজমিন তদন্ত করে ২০২৫ সালের ২৪ এপ্রিল প্রতিবেদন জমা দেন। আবেদনকারীর পরিবারের সদস্য এবং স্থানীয় ১০ জন গণ্যমান্য ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে জন্মনিবন্ধনটি তথ্য গোপন করে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে সেটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এরপর তৎকালীন ইউএনও বিমল চাকমা ২০২৫ সালের ২০ মে পাঁচ পাতার সংযুক্তিসহ তদন্তের নথি জেলা প্রশাসকের কাছে পাঠান। পরে ১৬ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জন্মনিবন্ধনটি বাতিলের পরবর্তী ব্যবস্থা নিতে ঢাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠান।

তবে প্রশাসনের একাধিক দপ্তরে নথি পাঠানোর পরও দীর্ঘদিন অনলাইন ডেটাবেইসে নিবন্ধনটির অস্তিত্ব থেকে যায়। প্রায় দেড় বছর ধরে বাতিলের প্রক্রিয়া ঝুলে থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

সর্বশেষ একই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন। এরপর বৃহস্পতিবার অনলাইন জন্মনিবন্ধন যাচাই করে দেখা যায়, মোহাম্মদ ছলিমের নামে করা বিতর্কিত নিবন্ধনটি আর ডেটাবেইসে নেই।

এ বিষয়ে ব্যারিস্টার নুরুল আজিম বলেন, একজন মিয়ানমারের নাগরিক কীভাবে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন পেলেন, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের জালিয়াতি রাষ্ট্রীয় পরিচয় ও নাগরিকত্বসংক্রান্ত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি। শুধু নিবন্ধন বাতিল করলেই হবে না, এর পেছনে কারা জড়িত এবং কীভাবে ইউনিয়ন পরিষদ থেকে এমন সনদ দেওয়া হলো, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সে জন্য জন্মনিবন্ধন তৈরির ক্ষেত্রে তথ্য যাচাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  ঈদগাঁও  বাংলাদেশ  রোহিঙ্গা  জন্মনিবন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: