প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ এএম
সংগৃহীত ছবিচাঁদপুরের হাজীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শাহজাহান (৩৫) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মুন্সিবাড়ির আলী আহম্মেদের ছেলে।
নিহতের বড় ভাই জাকির জানান, গত কয়েক দিন ধরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এনায়েতপুর ও ধোপল্লা গ্রামের তরুণদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার বিকেলে শাহজাহান এনায়েতপুর থেকে যাত্রী নিয়ে ধোপল্লা বাজারে গেলে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে চাঁদপুরে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাদি ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ থানায় নেওয়া হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে ঘটনাটি শাহরাস্তি থানা এলাকার হওয়ায় শাহরাস্তি থানার ওসি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ কাজ করছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
সময়ের আলো/জোই