প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ এএম
গ্রেফতার কিং সাইকো’র কথিত লিডার বিশাল। ছবি : সংগৃহীতজামালপুর শহরে কিশোর গ্যাং ‘কিং সাইকো’র কথিত লিডার বিশালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ফৌজদারি মোড়ের বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার বিশাল জামালপুর পৌরসভার পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মো. ডালিমের ছেলে। জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশাল ‘কিং সাইকো’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে এই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া চলাফেরা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রুপটির সদস্যরা দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। এমনকি অস্ত্র হাতে ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। তাদের এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক তৈরি হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বিশালকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই