প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৫৭ এএম আপডেট: ১৩.১১.২০২৬ ১০:১২ এএম
শৈশবের সেই বন্ধুত্বের টানেই মুসলিম বাল্যবন্ধুর শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বেপারী। ছবি : সময়ের আলো ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বে ছিল না কোনো বিভেদ। শৈশবের সেই বন্ধুত্বের টানেই মুসলিম বাল্যবন্ধুর শেষ বিদায়ে ছুটে এসেছিলেন হিন্দু বন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বেপারী (৭০)। বন্ধুর জানাজা শুরু হলে ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে শেষবারের মতো বিদায় জানান তিনি। নিচে চলছিল বাল্যবন্ধু হাকিম ডাকুয়ার (৭০) জানাজা। আর ব্রিজের ওপর থেকে অশ্রুসিক্ত চোখে বন্ধুর শেষ বিদায়ের দৃশ্য দেখছিলেন সুরেশ।
বুধবার (১১ নভেম্বর) বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে এ আবেগঘন ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার মৃত্যু হয়। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন তার দীর্ঘদিনের বাল্যবন্ধু সুরেশ চন্দ্র বেপারী। জানাজা শুরু হলে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে তিনি ব্রিজের ওপর দাঁড়িয়ে বন্ধুকে শেষবারের মতো বিদায় জানান।
সুরেশ চন্দ্র বেপারী জানান, শৈশব থেকেই হাকিমের সঙ্গে তার গভীর বন্ধুত্ব। দীর্ঘদিনের সেই বন্ধুকে হারিয়ে তিনি শোকাহত। হাকিমকে স্মরণ করে সুরেশ বলেন, তার বন্ধু ছিলেন একজন ভালো মানুষ। জীবনের শেষ মুহূর্তেও বন্ধুকে একনজর দেখতে ছুটে এসেছেন তিনি।
বন্ধুর জানাজার সময় ব্রিজের ওপর সুরেশের নীরবে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি স্থানীয়দেরও আবেগাপ্লুত করে। স্থানীয়রা জানান, ধর্মীয় পরিচয় আলাদা হলেও হাকিম ও সুরেশের বন্ধুত্বে কখনো এর প্রভাব পড়েনি। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে সুরেশের ছুটে আসা এবং ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে দূরে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর ঘটনা এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে।
স্থানীয়দের মতে, এমন বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধই অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রকৃত চিত্র। যে সম্প্রীতি ও সহাবস্থানের স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সুরেশের এই ভালোবাসা যেন সেই চেতনারই এক অনন্য প্রতিফলন।
সময়ের আলো/জোই