দাগারকুঠি এলাকায় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি : সময়ের আলো আজ ১৩ নভেম্বর, বেদনাবিধুর হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুঠি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নির্মম হত্যাযজ্ঞে প্রাণ হারান ৬৯৭ জন নিরস্ত্র মানুষ। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এই অঞ্চলের মানুষের কাছে এক শোকাবহ স্মৃতি হয়ে আছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে হাতিয়া যুব প্রচেষ্টা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কালো পতাকা অর্ধনমিত রাখা, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলীসহ বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শহিদ পরিবারের সদস্য ও সুধীজন।
স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর উপজেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে হাতিয়া ইউনিয়নের অবস্থান। ১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোরে পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় দাগারকুঠি ও আশপাশের সাতটি গ্রামে কম্বিং অপারেশন চালায়। এ সময় ঘুমন্ত ও নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। মর্টার শেলের বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
সেদিন ছিল ২৩ রমজান, শনিবার। সেহরি খেয়ে অনেকেই ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় চারদিক থেকে শুরু হয় গুলিবর্ষণ। প্রাণ বাঁচাতে মানুষ ঘরবাড়ি ছেড়ে ছোটাছুটি শুরু করেন। অনেকে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। কিন্তু হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পাননি নারী, পুরুষ, শিশু কেউই।
পাকিস্তানি সেনারা একের পর এক বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। রাজাকার, আলবদর, আলশামস ও পিস কমিটির সদস্যদের সহযোগিতায় বিভিন্ন ঝোপঝাড় ও আধাপাকা ধানখেতে আশ্রয় নেওয়া মানুষদের ধরে এনে দাগারকুঠি এলাকায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হয়। পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় অনেকের। কাউকে কাউকে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করা হয়। একই সঙ্গে চলে বাড়িঘর ও সম্পদ লুটপাট।
দিনভর চলা এই হত্যাযজ্ঞ ও অগ্নিসংযোগে হাতিয়া ইউনিয়নের অনন্তপুর, সোনারারপাড়, দাগারকুঠি, নীলকণ্ঠ, রামখানা, নয়াদাড়া ও হাতিয়া বকসি গ্রামের কয়েক হাজার বাড়িঘর পুড়ে যায়। গরু-ছাগল, ঢেউটিনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায় হানাদার বাহিনীর সহযোগীরা।
হাতিয়া গণহত্যার ভয়াবহতা আজও বয়ে বেড়াচ্ছেন সেই সময়ের প্রত্যক্ষদর্শী ও স্বজনহারা পরিবারের সদস্যরা। পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার গাবুরজান গ্রামের বীরাঙ্গনা হাছিনা বেগম এবং গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে যাওয়া রামরামপুরের কামাল হোসেন ও ভাটিগ্রামের আইয়ুব আলী আজও সেই ভয়াল দিনের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, দাগারকুঠিতে ৬৯৭ জনকে হত্যা করে সেখানে গণকবর দেওয়া হয়। তবে ব্রহ্মপুত্র নদের ভাঙনে সেই গণকবর ও স্মৃতিস্তম্ভ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরে পুরোনো অনন্তপুর বাজারের পশ্চিম পাশে হাতিয়া গণহত্যার স্মরণে একটি প্রতীকী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
হাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আলহাজ বীর মুক্তিযোদ্ধা ডা. মজাহার আলী জানান, ১৯৭১ সালের ওই গণহত্যায় শহিদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো তৈরি করা সম্ভব হয়নি।
এদিকে হাতিয়া গণহত্যায় শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, তাদের নামসংবলিত স্মৃতিফলক স্থাপন এবং শহিদ পরিবারের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সময়ের আলো/জোই