খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। ছবি : সময়ের আলোপ্রধান শিক্ষক পদের বিরোধে প্রায় সাত বছর ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুর রহমান ও নিজেকে প্রধান শিক্ষক দাবি করা আব্দুল ওয়াহাবের দ্বন্দ্বে বিদ্যালয়টির পাঠদান বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
অনুসন্ধানে জানা গেছে, চরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ১৯৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০০৫ সালে পাঠদানের অনুমতি এবং ২০১০ সালে অ্যাকাডেমিক স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন সাইফুল ইসলাম মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলে ২০০৬ সালের ৮ জুন বিদ্যালয় পরিচালনা কমিটি সহকারী শিক্ষক শফিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। একই বছরের ২৪ জুলাই তৎকালীন রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জীব কুমার বালা এ সিদ্ধান্ত সত্যায়িত করেন।
তবে শফিকুর রহমানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব মেনে নিতে নারাজ আব্দুল ওয়াহাব মণ্ডল। অভিযোগ রয়েছে, এ বিরোধের জেরে তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ভয়ভীতি দেখান এবং তাদের বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন। পরে মহাপরিচালকের প্রতিনিধি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেনের স্বাক্ষর ও সিলমোহর জাল করে ভুয়া রেজুলেশনের মাধ্যমে ২০০৫ সালের ১৯ মার্চ নিজেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার কাগজ তৈরি করেন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া ২০১৫ সালের ৮ আগস্ট বিদ্যালয় পরিচালনা কমিটির ভুয়া কমিটি দেখিয়ে এবং সদস্যদের স্বাক্ষর জাল করে রেজুলেশন তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই রেজুলেশনের মাধ্যমে পুরোনো শিক্ষক-কর্মচারীদের পদ শূন্য দেখিয়ে সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) পদে মোকছেদুর রহমান এবং সহকারী শিক্ষক (কৃষিশিক্ষা) পদে শহিদুল ইসলামের এমপিওভুক্তির আবেদন করা হয়। একই সঙ্গে অবৈধভাবে স্বাক্ষর জাল ও স্ক্যান করে ভুয়া শিক্ষক-কর্মচারী প্যাটার্ন তৈরি করে সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার অভিযোগও রয়েছে।
রৌমারী উপজেলার তৎকালীন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল কবিরের ২০১৫ সালের ২৩ মে স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, আব্দুল ওয়াহাব ওই বিদ্যালয়ের শিক্ষক নন। ২০০৬ সালের ৮ জুন বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষক শফিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় শফিকুর রহমানের মাধ্যমে বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের অনুমতি দেওয়ার অনুরোধ জানান তিনি।
অভিযোগকারীদের দাবি, সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ থাকলে প্রধান শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা থাকে না। অথচ আব্দুল ওয়াহাবের এইচএসসি ও বিএ—দুই পরীক্ষাতেই তৃতীয় শ্রেণি রয়েছে। এরপরও তিনি নিজেকে প্রধান শিক্ষক দাবি করে শিক্ষার্থীহীন বিদ্যালয়টি কাগজে-কলমে পরিচালনা করছেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) জরিপে ভুয়া তথ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে সচল দেখানোর অভিযোগও রয়েছে।
বিদ্যালয়ের ২০০৫, ২০০৭, ২০০৮, ২০০৯ ও ২০১১ সালের শিক্ষক হাজিরা খাতায় আব্দুল ওয়াহাবের নাম পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন নথিতে তার যোগদানের তারিখেও অসংগতি রয়েছে। নিয়োগপত্র ও বিল জমা দেওয়ার নথিতে যোগদানের তারিখ ২০০৫ সালের ১৯ মার্চ, ব্যানবেইসের ২০১৫ সালের জরিপে ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি, ২০২১ সালের জরিপে ২০০১ সালের ১০ জানুয়ারি, ২০২২ সালের জরিপে ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর এবং ২০২৩ সালের জরিপে ১৯৯৯ সালের ১ জানুয়ারি উল্লেখ করা হয়েছে। এমনকি ২০১৪ সাল পর্যন্ত ব্যানবেইসের জরিপে আব্দুল ওয়াহাবের প্রধান শিক্ষক হিসেবে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও দাবি করা হয়েছে।
তার বিরুদ্ধে বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর, সিলমোহর ও অনুমোদন ছাড়াই একক স্বাক্ষরে সোনালী ব্যাংকের রৌমারী শাখায় বিদ্যালয়ের নামে হিসাব খোলার অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে আব্দুল ওয়াহাব বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। তিনি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন। তবে শিক্ষাজীবনে একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
সময়ের আলো/জোই