প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম
অবৈধ সার জব্দ। ছবি : সময়ের আলোচুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে মেসার্স মিনারুল স্টোরসহ আশপাশের গোডাউনগুলোতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে নতুন করে পার্শ্ববর্তী মারফুল ট্রেডার্স নামের একটি গোডাউন থেকে আরও ৩৫০ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুটি গোডাউন থেকে মোট ১ হাজার ৪০৮ বস্তা সার জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত থেকে সকাল পর্যন্ত মেসার্স মিনারুল স্টোরের গোডাউন থেকে ১ হাজার ৫৮ বস্তা সার উদ্ধার করা হয়। পরে রাতে পার্শ্ববর্তী মারফুল ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে আরও ৩৫০ বস্তা সার উদ্ধার করে পুলিশ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে এ অভিযান পরিচালনা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোনো ধরনের সার ডিলারশিপ বা বৈধ লাইসেন্স না থাকলেও মিনারুল ইসলাম দীর্ঘদিন ধরে সার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর আগেও সার পাচারের সময় দুই দফায় তার সার জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর অভিযুক্ত মিনারুল ইসলামকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ অভিযান শুরু করে।
ওসি রাকিবুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ সেখানে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তার গোডাউনে বিপুল পরিমাণ সরকারি সার মজুদের তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে এসব সারের সন্ধান মেলে। বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ৫৮ বস্তা সার উদ্ধার করা হয়। রাতে পাশের মারফুল ট্রেডার্সের গোডাউনেও অভিযান চালিয়ে আরও ৩৫০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ৪০৮ বস্তা সার জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানকালে উপসহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই