ফেলে দেওয়া হাঁসের পালকেই জয়পুরহাটে কোটি টাকার বাণিজ্য

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

একসময় হাঁসের মাংস সংগ্রহের পর ফেলে দেওয়া হতো পালক। সেই পরিত্যক্ত পালকই এখন হয়ে উঠেছে বৈদেশিক বাণিজ্যের পণ্য। দেশের বিভিন্ন

2026-11-12T11:55:39+00:00
2026-11-12T11:55:39+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফেলে দেওয়া হাঁসের পালকেই জয়পুরহাটে কোটি টাকার বাণিজ্য
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম 
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক প্রক্রিয়াজাত করছেন নারী শ্রমিকরা। ছবি : সময়ের আলো
একসময় হাঁসের মাংস সংগ্রহের পর ফেলে দেওয়া হতো পালক। সেই পরিত্যক্ত পালকই এখন হয়ে উঠেছে বৈদেশিক বাণিজ্যের পণ্য। দেশের বিভিন্ন জেলা থেকে হাঁসের পালক সংগ্রহ করে জয়পুরহাটের আক্কেলপুরে প্রক্রিয়াজাত করা হচ্ছে। পরে এসব পালক রফতানি হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। সেখানে পালক দিয়ে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ, জাহাজের সোফা ও ব্যাডমিন্টনের ককসহ নানা পণ্য। ব্যতিক্রমী এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে স্থানীয় দরিদ্র নারী ও বেকার যুবকদের। উদ্যোগটি সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।

জানা গেছে, ২০১৪ সালে হাঁসের পালক নিয়ে ছোট পরিসরে কাজ শুরু করেন শেরপুরের তরুণ উদ্যোক্তা আলতাব হোসেন। তবে শুরুতে সফলতা না পেয়ে ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য চীনে পাড়ি জমান তিনি। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পালক প্রক্রিয়াজাতকরণে একটি প্রতিষ্ঠানে এক বছর কাজ করেন। পরে ২০২২ সালে চীন থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে দেশে ফেরেন।

এরপর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে কয়েকজনের সহযোগিতায় প্রায় চার কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তোলেন পালক প্রক্রিয়াজাতকরণ কারখানা। প্রতিষ্ঠানটির নাম দেন ‘সারাবাংলা ডাউন প্রোডাক্ট’।


কারখানাটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি মাসে ২৫ থেকে ৩০ টন হাঁসের পালক সংগ্রহ করা হয়। প্রথমে এসব পালক রোদে শুকানো হয়। এরপর বাছাই ও কয়েক ধাপে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে প্রক্রিয়াজাত করা হয়। প্রস্তুত করা পালক রফতানি করা হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে।

রফতানি করা পালক দিয়ে বিদেশে তৈরি হচ্ছে শীতের জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ, জাহাজের সোফা ও ব্যাডমিন্টনের ককসহ বিভিন্ন পণ্য। এ উদ্যোগে বর্তমানে কারখানাটিতে ১৬ জন শ্রমিক কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন দরিদ্র ও অসহায় নারীরাও।

কারখানার নারী শ্রমিক মীম খাতুন বলেন, পালক সংগ্রহের পর সেগুলো রোদে শুকিয়ে বস্তায় ভরে কারখানায় পাঠান তারা। এ কাজ করে পাওয়া অর্থ দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলে-মেয়েদের পড়াশোনার খরচও বহন করছেন তিনি।


আরেক শ্রমিক সামেনা বেগম বলেন, তার পরিবারে সদস্য আটজন। আট বছর আগে স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে অনেক কষ্ট হতো। পরে কারখানাটিতে কাজের সুযোগ পান। বর্তমানে মাসে ১০ হাজার টাকা বেতন পান। অতিরিক্ত সময় কাজ করলে আয় আরও বাড়ে। এতে এখন আগের তুলনায় ভালোভাবে সংসার চালাতে পারছেন।

কারখানার ব্যবস্থাপক সোহেল রানা বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে হাঁসের পালক সংগ্রহ করে কারখানায় আনা হয়। পালকগুলো কিছুটা ভেজা থাকায় প্রথমে রোদে শুকাতে হয়। পরে বস্তায় ভরে মেশিনে দেওয়া হয়। কয়েক ধাপ প্রক্রিয়াজাতকরণের পর সেগুলো রপ্তানির উপযোগী করা হয়। ছোট পালক দিয়ে জ্যাকেট, কম্বল, জাহাজের সোফা, চাদর ও বালিশ তৈরি করা হয়। আর ডানার পালক দিয়ে তৈরি হয় ব্যাডমিন্টনের কক।


উদ্যোক্তা আলতাব হোসেন বলেন, ছোটবেলা থেকেই ব্যবসা করার ইচ্ছা ছিল তার। ২০১৪ সালে হাঁসের পালক নিয়ে কাজ শুরু করলেও অভিজ্ঞতার অভাবে তখন লাভবান হতে পারেননি। পরে চীনে পড়াশোনা শেষে একটি প্রতিষ্ঠানে কাজ করে এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। সেখান থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে ২০২২ সালে তিলকপুরে কারখানা চালু করেন। এক বছর পর থেকে ব্যবসায় সফলতা আসতে শুরু করে।

তিনি বলেন, যেসব দেশে শীতের প্রকোপ বেশি, সেসব দেশে হাঁসের পালকের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে তারা প্রক্রিয়াজাত পালক বিদেশে পাঠাচ্ছেন। তবে দেশে জ্যাকেট, কম্বলসহ বিভিন্ন পণ্য তৈরি করে সরাসরি রফতানি করতে পারলে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।


আলতাব হোসেন আরও বলেন, কারখানাটিতে এখন পর্যন্ত চার থেকে পাঁচ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তবে পালক থেকে সব ধরনের পণ্য দেশেই উৎপাদনের পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তুলতে আরও প্রায় ১৫ কোটি টাকা প্রয়োজন। এ জন্য সরকারের সহযোগিতা অথবা স্বল্প সুদে ঋণ চান তিনি।

জেলা প্রাণিসম্পদ দফতরের ট্রেনিং অফিসার কল্পনা রানী রায় বলেন, একসময় ফেলে দেওয়া হাঁসের পালক সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছে। এটি সম্ভাবনাময় একটি উদ্যোগ। প্রাণিসম্পদ দফতরের পক্ষ থেকে কারখানাটি পরিদর্শন করা হয়েছে এবং উদ্যোক্তাকে প্রয়োজনীয় কিছু শর্ত পূরণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন কারিগরি সহযোগিতাও দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ খাতে বিনিয়োগ বাড়লে দেশেই পালক থেকে বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব হবে। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জয়পুরহাট  হাঁসের পালক  বৈদেশিক বাণিজ্য  রপ্তানি  সারাবাংলা ডাউন প্রোডাক্ট  তরুণ উদ্যোক্তা  আলতাব হোসেন  কর্মসংস্থান  প্রাণিসম্পদ  আক্কেলপুর  তিলকপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: