প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:০৪ এএম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের রুমে দুদক। ছবি : সময়ের আলোরোগী হয়রানি, পরীক্ষা-নিরীক্ষার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অচল থাকা, দালালদের দৌরাত্ম্য এবং পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছেন দুদক কর্মকর্তারা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে সাধারণ রোগীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল ফেলে রাখা, হাসপাতালের ভেতরে দালালদের অবাধ বিচরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগও পাওয়া যায়। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আকস্মিক এ অভিযান চালানো হয়।
অভিযানকালে হাসপাতালের বিভিন্ন দফতর পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। ওয়ার্ড মাস্টারদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা। এ সময় প্রয়োজনীয় কিছু নথিপত্র জব্দ করা হয়।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাই করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা একেবারে খারাপ নয়, মোটামুটি চলার মতো। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আরও নজর দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করেছে। প্রয়োজনীয় কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির বলেন, দুদকের কর্মকর্তারা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতালে এসেছিলেন। তারা যেভাবে তথ্য ও সহযোগিতা চেয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ সেভাবেই সর্বাত্মক সহযোগিতা করেছে।
সময়ের আলো/জোই