রক্তের ক্যানসারে আক্রান্ত ১৩ বছরের নন্দীনি, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

অভাবের সংসারে বড় হওয়া ১৩ বছরের নন্দীনি পালের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন। নিজের উপার্জনে

2026-11-12T09:28:10+00:00
2026-11-12T09:28:10+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
রক্তের ক্যানসারে আক্রান্ত ১৩ বছরের নন্দীনি, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:২৮ এএম 
ক্যানসারে আক্রান্ত নন্দীনি পাল, তার বাবা-মা ও ছোট বোন। ছবি : সময়ের আলো
অভাবের সংসারে বড় হওয়া ১৩ বছরের নন্দীনি পালের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন। নিজের উপার্জনে বাবাকে সুখে রাখবেন, পরিবারের দুঃখ-কষ্ট দূর করবেন। কিন্তু সেই স্বপ্ন এখন থমকে গেছে মরণব্যাধি ক্যানসারে। ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী বর্তমানে হাসপাতাল আর বাড়ির বিছানায় কাটাচ্ছেন দিন। মেয়েকে বাঁচাতে চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তার মা-বাবা।

নন্দীনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিণ বাসাইল পালপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘কিউট নন্দীনি’ নামে পরিচিত। চলতি বছরের অক্টোবর মাসে কোমরে ব্যথা শুরু হলে চিকিৎসকের শরণাপন্ন হয় তার পরিবার। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার রক্তে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকেই মেয়ের চিকিৎসার জন্য ছুটছেন তার বাবা পংকজ পাল ও মা গীতা পাল।

পংকজ পাল পেশায় প্রতিমা তৈরির কারিগর। মা গীতা পাল গৃহিণী। সীমিত আয়ের এই পরিবার মেয়ের চিকিৎসার জন্য জমানো সব অর্থ ব্যয় করেছে। পাশাপাশি ঋণও করতে হয়েছে। ইতোমধ্যে ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা খরচ করেছেন তারা। তবু সুস্থ হয়নি নন্দীনি।

নন্দিনীর জ্যাঠা রতন পাল, জ্যাঠি দুর্গা পাল, কাকা গোপাল পাল, কাকি অনামিকা পাল ও দিদা কমলা পালসহ স্বজনেরা জানান, নন্দিনী শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথায় ভুগছে। দিন দিন তার ওজন কমে যাচ্ছে। বর্তমানে তাকে পিজি হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসকেরা পরবর্তী সময়ে কেমোথেরাপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তার চিকিৎসায় আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে দিশেহারা বাবা-মা। পংকজ পালের প্রতিমা তৈরির কাজও দীর্ঘদিন ধরে বন্ধ। মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে গিয়ে কাজে সময় দিতে পারছেন না তিনি। অন্যের সহযোগিতায় চলছে পরিবারের দৈনন্দিন খরচ।

পংকজ পাল বলেন, ‘প্রতিমা তৈরির কাজ করে সংসার চালাই। মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ার কারণে অনেক দিন ধরে কাজ বন্ধ রয়েছে। ইতোমধ্যে ধারদেনা করে তিন লাখ টাকা খরচ করেছি। কীভাবে এত টাকা জোগাড় করব, বুঝতে পারছি না। দেশে অনেক মানবিক মানুষ আছেন। তারা সহযোগিতা করলে মেয়েটাকে বাঁচাতে পারব।’


বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, নন্দিনী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী। তার অসুস্থতার খবর শুনে শিক্ষক-শিক্ষার্থী সবাই উদ্বিগ্ন। চিকিৎসার প্রয়োজনীয় অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে কঠিন। নন্দিনীর পাশে দাঁড়াতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মীর উজ্জল হোসাইন বলেন, নন্দিনীর অসুস্থতার খবর তাদের ব্যথিত করেছে। একটি কিশোরীর জীবন বাঁচাতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে যথাসাধ্য সহায়তার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়ভাবেও সহযোগিতা সংগ্রহের চেষ্টা চলছে।

নন্দিনীর চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আকুতি জানিয়েছেন তার মা-বাবা। আর্থিক সহযোগিতা পাঠাতে যোগাযোগের মোবাইল নম্বর : ০১৬২৭২৭৫৯০৪।

সময়ের আলো/জোই
  বিষয়:   নন্দীনি পাল  ক্যানসার  রক্তের ক্যানসার  মুন্সীগঞ্জ  সিরাজদিখান  মানবিক সহায়তা  চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা  বাসাইল উচ্চ বিদ্যালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: