প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পিএম
সংগৃহীত ছবিশেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামালপুরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের করেছে এক শ্রমিকদল নেতা। কিন্তু সেই মামলায় আসামি করা হয়েছে একজন ছাত্রদল নেতাকে। সোমবার রাত ২টার দিকে জামালপুর থানায় মামলাটি করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন। সেই মামলার ২৮ নাম্বার আসামি করা হয়েছে জামালপুর পৌরসভার লাঙল জোড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সদস্য মো. নাঈমকে।
মামলার বিবরণী থেকে জানা যায় গত রোববার সকালে শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহাল করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা শহরের বকুলতলা মোড়ে সমবেত হয়ে মশাল, ব্যানার, লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। পরে মিছিলটি তমালতলা মোড়ে পৌঁছানোর পর মামলার বাদী ও স্বাক্ষীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে মিছিলকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান করে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার ২৮ নম্বর আসামি হলেন ছাত্রদল নেতা মো. নাঈম।
এ বিষয়ে ওয়ার্ড ছাত্রদলের সদস্য নাঈম বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করছি। এর আগেও হাসিনা সরকার পতনের পর আমাকে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে একটি মামলায় আসামি করা হয়েছে। এখন আবার এই মামলার আসামি করা হলো। বারবার আমাকে এভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমি ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য।
তবে মামলার বাদী আনোয়ার হোসেন শাহীনের দাবি ছেলেটি আগে ছাত্রলীগ করত। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি মো. নাঈম হোসেন মোবাইল ফোনে বলেন, গত ৪ বছর ধরে আমাদের এই কমিটি। নাঈম ছেলেটি আমাদের দুঃসময় থেকে রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি একজন ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা।
জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জন্য ত্যাগী ছাত্রদল নেতার নামে মামলা করা হয়েছে। তিনি ও তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সময়ের আলো/আতা