প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ এএম
এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল ৫ কক্ষ ও দুই ছাগলসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে। তবে অক্ষত রয়েছেন তার মা-বাবা। বাড়িটিতে পেট্রোলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলও মারা গেছে।
তিনি আরও জানান, নুসরাত তাবাসসুমের মা-বাবা বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন ছড়ায়নি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।
নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে, নুসরাতের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোলবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে এনসিপির মিডিয়া সেল। দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাড়িটিতে পেট্রোলবোমা হামলার কথা উল্লেখ করেছেন।
তবে আগুনের সূত্রপাত পেট্রোলবোমা হামলা থেকে হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
সময়ের আলো/জোই