প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ এএম
মো. সাহেদ। ছবি : সংগৃহীতরাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সাহেদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কের রোশাইপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাহেদ উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোশাইপাড়া এলাকার ওস্তাপাড়া গ্রামের ডেকোরেশন মিস্ত্রি মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি রোশাইপাড়া জামেউল উলুম মাদ্রাসা থেকে ২০২৪ সালের দাখিল ব্যাচে উত্তীর্ণ হয়েছিলেন এবং পোমরা শান্তিরহাটের তৈয়্যবিয়া হার্ডওয়্যারে চাকরি করতেন।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম হোসাইন জানান, এদিন সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে শান্তিরহাট বাজারে আসার পথে রোশাইপাড়া প্রবেশমুখে একটি ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হলে পুলিশ তা আমলে নেয়। একই দিন বাদ আসর স্থানীয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
সময়ের আলো/জোই