সুন্দরবনে তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ, ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনার পর সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে

2026-11-12T09:48:24+00:00
2026-11-12T09:48:24+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
সুন্দরবনে তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ, ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ এএম 
ছবি : সময়ের আলো
সুন্দরবনে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনার পর সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বন বিভাগ। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই চালু থাকবে। বন বিভাগের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলার মালিক ও ট্যুর গাইডরা। তাদের অভিযোগ, বিচ্ছিন্ন একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত সাতক্ষীরা রেঞ্জের পর্যটনশিল্পের সম্ভাবনা নষ্ট করবে।

গত ৮ ও ৯ নভেম্বর খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন এলাকা দিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। পরে ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের রাত্রিযাপনসহ ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ করে তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা। তাদের দাবি, সাতক্ষীরা জেলার ব্র্যান্ডিং স্লোগান ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’। সাতক্ষীরা রেঞ্জ দিয়ে সুন্দরবনের যে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়, অন্য কোনো রুটে সেই অভিজ্ঞতা পাওয়া যায় না। ফলে তিন দিনের ভ্রমণ অনুমতি বন্ধের সিদ্ধান্ত পর্যটনশিল্পের জন্য বড় আঘাত।

পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ঋণ করে তারা পর্যটক পরিবহনের জন্য বোট তৈরি করেছেন। এখন অনুমতি বন্ধ হয়ে গেলে ঋণ পরিশোধসহ জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। দ্রুত বন বিভাগের সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের ভ্রমণ অনুমতি চালুর দাবি জানান তিনি।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবন ভ্রমণ করছেন। এর আগে এমন দুর্ঘটনা ঘটেনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করে ভ্রমণ অনুমতি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।

সুন্দরবনের ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহ বলেন, সাতক্ষীরা রেঞ্জে এবারই প্রথম এমন দুর্ঘটনা ঘটেছে। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটকসহ আরেকটি জালিবোট ডুবে যায়।

তার অভিযোগ, আগের এসব ঘটনায় বন বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি। পর্যটকদের অসতর্কতায় ঘটে যাওয়া দুর্ঘটনার দায়ে সাতক্ষীরা রেঞ্জের ভ্রমণ অনুমতি বন্ধ করা যুক্তিসংগত নয়।


এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি বডির ট্রলারে তিন দিনের রাত্রিযাপনসহ ভ্রমণের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আগের নিয়মে একদিনের ভ্রমণের অনুমতি চালু থাকবে। তিনদিনের অনুমতি বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।

নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে, জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বন বিভাগের এ সিদ্ধান্তকে সাতক্ষীরা রেঞ্জকেন্দ্রিক পর্যটনশিল্পের বিকাশের পথে বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে স্থানীয় পর্যটন ব্যবসা, বোট মালিক ও গাইডদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়বে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সুন্দরবন  সাতক্ষীরা রেঞ্জ  পর্যটনশিল্প  ভ্রমণ নিষেধাজ্ঞা  বুড়িগোয়ালিনী  পর্যটক মৃত্যু  বন বিভাগ  সাতক্ষীরা  মুন্সিগঞ্জ  পর্যটন ব্যবসায়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: