অনাবৃষ্টিতে নোয়াখালীতে আমনের বিপর্যয়ের শঙ্কা, ঝলসে গেছে হাজারো হেক্টর জমির ধান

মাওলা সুজন, নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই। পানির অভাবে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আমন ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। কোথাও ধানগাছ শুকিয়ে ঝলসে

2026-11-12T09:56:51+00:00
2026-11-12T09:56:51+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
অনাবৃষ্টিতে নোয়াখালীতে আমনের বিপর্যয়ের শঙ্কা, ঝলসে গেছে হাজারো হেক্টর জমির ধান
মাওলা সুজন, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ এএম 
ঝলসে গেছে হাজারো হেক্টর জমির ধান। ছবি : সময়ের আলো
দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই। পানির অভাবে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আমন ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। কোথাও ধানগাছ শুকিয়ে ঝলসে গেছে, কোথাও ধানের শিষে দানা না ধরার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চলতি মৌসুমে জেলায় আমন ধানের উৎপাদন বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। পরিস্থিতি মোকাবিলায় চাষাবাদ পদ্ধতির উন্নয়ন, স্বল্পমেয়াদি ও লবণসহিষ্ণু ধানের জাত সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন কৃষি গবেষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছর নোয়াখালীতে ১ লাখ ৭০ হাজার ৬২২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এসব জমি থেকে ৪ লাখ ৬৭ হাজার ৯৫০ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অধিদফতর জানায়, এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আবাদ হয়েছে। তবে অনাবৃষ্টির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সরেজমিনে সুবর্ণচরের কয়েকটি ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, পানির অভাবে জমির মাটি ফেটে গেছে। অনেক জায়গায় ধানগাছ শুকিয়ে ঝলসে গেছে। দূর থেকে দেখলে মনে হয়, আগুনে পুড়ে গেছে পুরো ধানখেত।

কৃষকরা জানান, চলতি বছরের জুন-জুলাইয়ে অতিবৃষ্টির কারণে নির্ধারিত সময়ে জমিতে আবাদ করতে পারেননি তারা। পরে ধানগাছে শিষ আসার সময় শুরু হয় বৃষ্টির সংকট। বিশেষ করে আগস্টের মাঝামাঝি থেকে টানা অনাবৃষ্টিতে জমিতে পানির অভাব দেখা দেয়। এতে ধানগাছ শুকিয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে জমির মাটি।

কিছু কৃষক সেচ দিয়ে সামান্য ফসল রক্ষা করতে পারলেও অধিকাংশের পক্ষে তা সম্ভব হয়নি। আশপাশের খাল ও পুকুরেও পর্যাপ্ত পানি নেই। কোনো কোনো এলাকায় খেতের কাছাকাছি পানির উৎসও নেই। ফলে অনেক কৃষক ইতোমধ্যে আশানুরূপ ফলনের আশা ছেড়ে দিয়েছেন।

সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের কৃষক মো. সিরাজ মিয়া প্রায় পাঁচ একর জমি বর্গা নিয়ে আমন ধানের আবাদ করেছেন। তিনি জানান, দুই মাসের বেশি সময় ধরে বৃষ্টি না হওয়ায় তার প্রায় অর্ধেক ফসল ঝলসে গেছে। বাকি ফসলেও ভালো ফলনের সম্ভাবনা নেই। চাষাবাদে তার প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। ব্যাংকঋণ ও সুদে টাকা নিয়ে আবাদ করায় এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

সিরাজ মিয়া বলেন, ‘প্রথম দিকে ধানগাছের কয়েকটি পাতা মোড়াতে শুরু করে। ভেবেছিলাম পোকা আক্রমণ করেছে। পরে জমিতে গিয়ে মোড়ানো পাতাগুলো খুলে দেখি কোনো পোকা নেই। কয়েক দিনের মধ্যে পুরো জমির ধানগাছের একই অবস্থা হয়। একপর্যায়ে জমির মাটি ফেটে যায়, লবণাক্ততাও দেখা দেয়। এরপর ধীরে ধীরে ধানগাছগুলো ঝলসে যেতে থাকে।’

চরওয়াপদা ইউনিয়নের কৃষক মো. নোমান এবার আট একর জমিতে আমন আবাদ করেছেন। এরই মধ্যে দুই একরের বেশি জমির ফসল পুরোপুরি ঝলসে গেছে। বাকি জমির ধানেও দানা না ধরার আশঙ্কা করছেন তিনি।

নোমান জানান, ফলন ভালো হলে এবার তার জমি থেকে অন্তত ৪০০ মণ ধান পাওয়ার আশা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর অর্ধেকও উৎপাদন হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবার নিয়ে সংকটে পড়ার আশঙ্কা করছেন তিনি।

শুধু সুবর্ণচর নয়, জেলার সব ইউনিয়নের মাঠেই কমবেশি একই চিত্র দেখা গেছে। এ ছাড়া কোম্পানীগঞ্জ, কবিরহাট ও হাতিয়া উপজেলার কৃষিজমিতেও অনাবৃষ্টির প্রভাব পড়েছে।


কৃষকদের অভিযোগ, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চাষাবাদ করতে না পারা, নিজেদের অভিজ্ঞতার অভাব এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় তারা এখনো প্রচলিত পদ্ধতিতেই চাষাবাদ করছেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের নোয়াখালী অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ হা মো. আমীর ফয়সাল বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় স্বল্পমেয়াদি ও লবণসহিষ্ণু ধানের জাত ব্যবহার করতে হবে। পাশাপাশি উঁচু স্থানে মানসম্মত বীজতলা তৈরি, সময়মতো চারা রোপণ এবং অতিবৃষ্টির সময় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। অনাবৃষ্টির সময় সেচের পানির সংকট মোকাবিলায় খাল পুনঃখনন করে বৃষ্টির পানি সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।

নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আশীষ কুমার কর বলেন, ভবিষ্যতে পানির প্রাকৃতিক উৎস বাড়ানো এবং লবণসহিষ্ণু ধানের জাত চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ব্লকভিত্তিক গ্রুপের মাধ্যমে কৃষকদের সঙ্গে নিয়মিত সভা করা হচ্ছে।

তিনি বলেন, স্বল্পমেয়াদি ও লবণসহিষ্ণু জাতের ফলন তুলনামূলক কম হওয়ায় এসব জাতের প্রতি কৃষকদের আগ্রহ কম। তারপরও তাদের নিয়মিত উৎসাহিত করা হচ্ছে। নতুন জাত উদ্ভাবনে গবেষণা বিভাগের সঙ্গেও সমন্বিতভাবে কাজ চলছে। চলতি মৌসুমে আমন চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের রবি মৌসুমে বিশেষ প্রণোদনার আওতায় আনা হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   নোয়াখালী  আমন ধান  ধান চাষ  অনাবৃষ্টি  খরা  কৃষি বিপর্যয়  সুবর্ণচর  কৃষক  লবণাক্ততা  কৃষি সম্প্রসারণ অধিদফতর  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: