যে সড়কে মিশে আছে নয় বীরের রক্ত

রুবেল মজুমদার, কুমিল্লা

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই জনপদ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে মুখর থাকে। দ্রুতগতির যানবাহন ছুটে চলে এক

2026-11-12T10:59:26+00:00
2026-11-12T10:59:26+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
যে সড়কে মিশে আছে নয় বীরের রক্ত
রুবেল মজুমদার, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম 
নয়জন শহিদের সমাধিস্থল। ছবি : সময়ের আলো
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই জনপদ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে মুখর থাকে। দ্রুতগতির যানবাহন ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পথের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্মৃতিস্তম্ভ হয়তো অনেকের চোখে পড়ে,আবার অনেকেই না দেখেই পেরিয়ে যান। অথচ এই মাটির সঙ্গে মিশে আছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের এক রক্তাক্ত ইতিহাস। এখানে শুয়ে আছেন নয়জন বীর মুক্তিযোদ্ধা, যারা স্বাধীনতার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন, কিন্তু আর ফিরে যেতে পারেননি আপনজনের কাছে।

১৯৭১ সালের ১১ নভেম্বর। মুক্তিযুদ্ধ তখন চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে চলছে সশস্ত্র প্রতিরোধ, গেরিলা অভিযান ও পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই। স্বাধীনতার আকাঙ্ক্ষায় সংগঠিত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে গড়ে ওঠা বিশেষ গেরিলা বাহিনীর সদস্যরাও তখন দেশের অভ্যন্তরে প্রবেশ করে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ভারতের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে সামরিক প্রশিক্ষণ শেষে ৭৮ সদস্যের একটি গেরিলা দল দেশের অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১০ নভেম্বর তারা ভারতের বাইকোয়া বেইস ক্যাম্প থেকে চৌদ্দগ্রাম সীমান্তবর্তী ভৈরবনগর সাব-ক্যাম্পে পৌঁছান। পরদিন তাদের গন্তব্য ছিল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে মুক্তিযুদ্ধের সংগঠিত প্রতিরোধে অংশ নেওয়া। সামনে ছিল বিপজ্জনক পথ, পেছনে ছিল স্বাধীনতার স্বপ্ন।

১১ নভেম্বর রাতে গেরিলা দলটি বেতিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমের উদ্যোগ নেয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক তখন পাকিস্তানি সেনাদের নজরদারিতে ছিল। রাতের অন্ধকারে সড়ক পার হওয়ার প্রস্তুতির মধ্যেই ঘটে যায় ভয়াবহ ঘটনা।

মহাসড়কের আশপাশে অবস্থান নেওয়া পাকিস্তানি হানাদার বাহিনী গেরিলা যোদ্ধাদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। মুহূর্তেই নেমে আসে বিপর্যয়। চারদিকে ছড়িয়ে পড়ে গুলির শব্দ। প্রাণ বাঁচাতে এবং সহযোদ্ধাদের রক্ষায় যোদ্ধারা দিকবিদিক ছোটাছুটি করেন। কিন্তু আকস্মিক হামলার কারণে তারা কার্যকর প্রতিরোধ গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ পাননি। কয়েকজনের অস্ত্র তখনো বহনের প্যাকেটে থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। সেই হামলায় শহিদ হন নয়জন বীর মুক্তিযোদ্ধা।

স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে সীমান্ত পেরিয়ে এসেছিলেন, তাদের কয়েকজনের জীবন শেষ হয়ে যায় বেতিয়ারার মাটিতে। যে স্বপ্ন নিয়ে তারা ঘর ছেড়েছিলেন, সেই স্বাধীন বাংলাদেশ তারা দেখে যেতে পারেননি। তাদের মৃত্যুতে পরিবার হারিয়েছিল প্রিয়জন, সহযোদ্ধারা হারিয়েছিলেন সঙ্গী, আর দেশ হারিয়েছিল একদল সাহসী সন্তান।

যুদ্ধের পরপরই শহিদদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। প্রতিকূল পরিস্থিতি ও নিরাপত্তার কারণে মরদেহগুলো ধানখেতে পড়েছিল। প্রায় সাত দিন পর স্থানীয় লোকজন সেগুলো উদ্ধার করেন। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তাদের সমাহিত করা হয়। সময়ের পরিক্রমায় সেই সমাধিস্থল হয়ে ওঠে মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতিচিহ্ন। শহিদদের স্মৃতি সংরক্ষণে সেখানে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ।


বেতিয়ারার সেই যুদ্ধে শহিদ হওয়া নয়জন মুক্তিযোদ্ধা হলেন নিজাম উদ্দিন আজাদ, সিরাজুল মুনির জাহাঙ্গীর, জহিরুল হক ভুঁইয়া (দুদু মিয়া), মোহাম্মদ সফিউল্লাহ, আওলাদ হোসেন, আবদুল কাইয়ুম, বশিরুল ইসলাম, মো. শহীদুল্লাহ সাউদ ও আবদুল কাদের। তাদের নামের সঙ্গে জড়িয়ে আছে একটি সময়, একটি সংগ্রাম এবং একটি স্বাধীন দেশের জন্মের ইতিহাস।

আজ ৫৫ বছর পর বেতিয়ারার চারপাশ অনেক বদলে গেছে। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ,বেড়েছে জনবসতি ও ব্যবসাপ্রতিষ্ঠান। সময়ের সঙ্গে বদলে গেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু স্মৃতিস্তম্ভের পাশে শুয়ে থাকা শহিদদের আত্মত্যাগের ইতিহাস বদলায়নি। প্রতিটি ১১ নভেম্বর তাদের স্মরণে বেতিয়ারা আবারও ফিরে আসে জাতীয় আলোচনায়। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিস্তম্ভ, শ্রদ্ধায় স্মরণ করা হয় স্বাধীনতার জন্য জীবন দেওয়া মানুষগুলোকে।

তবে শুধু দিবসকেন্দ্রিক শ্রদ্ধা জানানোই শহিদদের প্রতি যথাযথ দায়িত্ব পালন নয়। তাদের পূর্ণাঙ্গ জীবনী, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিবরণ, যুদ্ধের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ এবং পরিবারের ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে স্মৃতিস্তম্ভ ও গণকবরের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বেতিয়ারা যুদ্ধের ইতিহাস তুলে ধরা জরুরি। কারণ, যে প্রজন্ম স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া মানুষগুলোর পরিচয় জানবে না, তাদের কাছে স্বাধীনতার প্রকৃত মূল্যও অনেকটাই অজানা থেকে যাবে।

বেতিয়ারা কেবল চৌদ্দগ্রামের একটি জনপদ নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। এখানে নয়জন মানুষের জীবন থেমে গিয়েছিল, কিন্তু তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার সংগ্রাম আরও বেগবান হয়েছিল। তাদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় যা-ই হোক, স্বাধীনতার জন্য তাদের অবদান জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ বেতিয়ারা অতিক্রম করেন। তাদের অনেকেরই হয়তো জানা নেই, এই পথের পাশেই ঘুমিয়ে আছেন স্বাধীনতার জন্য জীবন দেওয়া নয়জন বীর। তাদের রক্তে লেখা আছে এই দেশের জন্মের ইতিহাস। তাদের অসমাপ্ত স্বপ্নের বাস্তব রূপ আজকের স্বাধীন বাংলাদেশ।

বেতিয়ারার মাটি তাই শুধু নয়জন শহিদের সমাধিস্থল নয়; এটি আমাদের স্বাধীনতার দায়, ইতিহাসের স্মারক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া এক অমূল্য উত্তরাধিকার। ১১ নভেম্বর, ঐতিহাসিক বেতিয়ারা শহিদ দিবসে নয় বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা।

সময়ের আলো/জোই
  বিষয়:   সড়ক  নয় বীর  রক্ত  কুমিল্লা  চৌদ্দগ্রাম উপজেলা  বেতিয়ারা  মুক্তিযুদ্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: