প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম
ছবি : সময়ের আলোসিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে সীমান্তের ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এস পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন ওই দুই ভারতীয় নাগরিক। পরে সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ ভেতরে একটি আনারস বাগানে গেলে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন, ভারতের নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে, আটক দুই ভারতীয় নাগরিককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
সময়ের আলো/জোই