নির্মাণাধীন হাটের শেড। ছবি : সময়ের আলোজয়পুরহাটের তিনটি হাটে দোকানিদের জন্য শেড নির্মাণের কাজ শুরু হয়েছিল চার বছরেরও বেশি আগে। চুক্তি অনুযায়ী এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনো অসমাপ্ত রয়েছে স্থাপনাগুলো। ফলে নির্ধারিত জায়গায় দোকান বসাতে না পেরে হাটবারে সড়ক ও পথের পাশে দোকান নিয়ে বসতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারাও।
হাট তিনটি হলো আক্কেলপুর উপজেলার রায়কালী, কালাই উপজেলার হারুঞ্জা এবং ক্ষেতলাল উপজেলার লালাগড় হাট। এর মধ্যে নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় গত বছরের মার্চে ঠিকাদারি প্রতিষ্ঠান মণ্ডল ট্রেডার্সের সঙ্গে তিনটি শেড নির্মাণের চুক্তি বাতিল করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। একই বছরের জুনে প্রকল্পের মেয়াদও শেষ হয়।
সম্প্রতি অসমাপ্ত কাজ শেষ করতে নতুন করে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে চুক্তি বাতিল হওয়া আগের ঠিকাদারি প্রতিষ্ঠান মণ্ডল ট্রেডার্সই আবার হারুঞ্জা হাটের শেড নির্মাণের কাজ পেয়েছে। অন্য দুটি হাটের কাজ পেয়েছে পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও নতুন করে কাজ পাওয়া কোনো প্রতিষ্ঠানই এখনো নির্মাণকাজ শুরু করেনি।
রায়কালী হাটের দোকানি শফিকুল ইসলাম বলেন, আমি যেখানে দোকান করতাম, পাঁচ বছর আগে সেই জায়গায় মার্কেটের কাজ শুরু হয়েছে। এখন রাস্তায় দোকান করতে হচ্ছে। আমরা এ কাজের দায়িত্বে থাকা এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারের শাস্তি দাবি করছি।’
রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগেই হাটে শেড নির্মাণের কাজ শুরু হয়েছিল। তার মেয়াদ শেষের পথে, অথচ কাজ শেষ হয়নি। অসমাপ্ত স্থাপনা হাটের জায়গা দখল করে রেখেছে। এতে হাটে আসা মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি হাটে শেড নির্মাণের কাজ পায় নওগাঁর চকবাড়িয়ার মেসার্স মণ্ডল ট্রেডার্স। ২০২০ সালের মার্চ ও এপ্রিল মাসে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কাজ শুরুর পর একপর্যায়ে নির্মাণকাজ বন্ধ রেখে দেয় প্রতিষ্ঠানটি।
এলজিইডির পক্ষ থেকে একাধিকবার তাগাদা দেওয়া এবং তিন দফায় কাজের মেয়াদ বাড়ানোর পরও নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হয়নি। তিনটি শেড নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় সাড়ে নয় কোটি টাকা। এর মধ্যে রায়কালী হাটের জন্য ৬৪ লাখ ৫০ হাজার, লালাগড় হাটের জন্য ৯৩ লাখ এবং হারুঞ্জা হাটের জন্য ৬০ লাখ ৬৪ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে।
চুক্তি বাতিলের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাজের যৌথ পরিমাপ করা হয়। এতে দেখা যায়, রায়কালী হাটে ৩২ শতাংশ, লালাগড় হাটে ৪৫ শতাংশ এবং হারুঞ্জা হাটে ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজের ওপর ২০ শতাংশ জরিমানা আরোপ করা হয়। এ ছাড়া ঠিকাদারের ব্যাংক গ্যারান্টির অর্থও নগদায়ন করা হয়েছে।
এদিকে প্রকল্পের অবশিষ্ট কাজের প্রাক্কলন তৈরি করে পাঠানোর জন্য গত বছরের ১২ ফেব্রুয়ারি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন প্রকল্প পরিচালক স্বপন কান্তি পাল। চিঠিতে বলা হয়, প্রকল্পের সময়সীমার মধ্যে কাজ শেষ করা এবং সম্পাদিত কাজের বিল পরিশোধ নিয়ে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হলে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। তবে চিঠি দেওয়ার তিন মাস পরও প্রাক্কলন না পাঠানোয় অসন্তোষ প্রকাশ করেন প্রকল্প পরিচালক।
জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ বলেন, চুক্তি বাতিল হওয়া তিনটি হাটের শেড নির্মাণের অবশিষ্ট কাজের জন্য নতুন করে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। হারুঞ্জা হাটের কাজ আগের ঠিকাদারি প্রতিষ্ঠান মণ্ডল ট্রেডার্স পেয়েছে। বাকি দুটি হাটের কাজ পেয়েছে অন্য দুটি প্রতিষ্ঠান। মণ্ডল ট্রেডার্স দ্রুত কাজ শুরু করতে পারবে বলে জানিয়েছে।
সময়ের আলো/জোই