প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ এএম
সংবাদ সম্মেলনে অভিযোগ। ছবি : সময়ের আলোঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীকে মারপিট করে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ১ম স্বামী ও তার লোকজনের বিরুদ্ধে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তৈবরের স্ত্রী কামরুন আকতার।
কামরুনের আভিযোগ, উপজেলার পটুয়াপাড়া গ্রামের আনারুলের সঙ্গে তার বিয়ে হয়। সেখানে সংসার করার সময়ে দুই সন্তানের মা হন তিনি। সংসারে বনিবনা না হওয়ায় ৭/৮ মাস আগে আনারুলকে তালাক দেন কামরুন। এরপর প্রায় ৫ মাস আগে নাকাটি শহিদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৈবর রহমানকে বিয়ে করেন। আগের স্বামীর বড় ছেলে কাউসারকে (১৩) সঙ্গে নিয়ে তৈবরের সঙ্গে সংসার করছেন তিনি। ছোট ছেলে আব্দুল্লাহ(৬) তার আগের স্বামীর বাড়িতে থাকে।
শনিবার সন্ধায় মোটরসাইকেল যোগে স্বামী তৈবর এবং বড় ছেলে কাউসারকে সঙ্গে নিয়ে ছোট ছেলে আব্দুল্লাহকে দেখতে আগের স্বামী আনারুলের পটুয়াপাড়া বাড়িতে যান তারা। এ সময় আনারুল ও তার লোকজন কামরুন ও তৈবরকে আটক করে মোটরসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মারপিট করে এবং তৈবর এক মহিলার সঙ্গে ধরা পড়েছে এমন মিথ্যা অভিযোগ তুলে তার গলায় জুতার মালা পরিয়ে তা মোবাইলে ভিডিও ধারণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে ঐ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হয়। এতে কামরুন এবং তার স্বামী তৈবর চরমভাবে অপমানিত হচ্ছেন বলে দাবি করেন। তালাক দেওয়া ১ম স্বামী এমনটা করেছেন বলে জানান কামরুন। মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার সহ এর বিচার দাবি করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে কামরুনের মা বিলকিস বেগম, ভাই টিটু, স্বামী তৈবর, তৈবরের বোন সুলতানা, সুলতানার স্বামী কবাদ আলী সহ পরিবারের অন্যান্য সদস্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করি। এ বিষয়ে তারা আইনগত সহায়তা চাইলে করা হবে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি।
সময়ের আলো/জোই