প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৯ এএম
ছবি : সময়ের আলো শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কুসুমহাটি কাজীরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তার ভাতিজা জসিমের বিরোধ চলছিল। এর জেরে রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে চাচা-ভাতিজাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ কয়েকজন জিন্নাত আলীর ওপর হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, জিন্নাত আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এসএকে