প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম
উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীতঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতাকে পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ছাত্রলীগের নেতা সিরাজ মোল্লাকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন