প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ এএম
ছবি : সময়ের আলো চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ইটভাটার মালিককে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটাগুলোর চিমনি ও কিলন (ইট পোড়ানোর চুল্লি) ভেঙে দিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ও চেচনিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কাঠ পোড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মেসার্স সেবা ব্রিকস, মেসার্স এ আর বি ব্রিকস ও মেসার্স টিজিবি ব্রিকসকে ছয় লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স সেবা ব্রিকসের বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়। অন্যদিকে, মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়। চারটি ইটভাটার চিমনি ও কিলন সম্পূর্ণ ভেঙে ফেলার পাশাপাশি সবগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এ সময় জেলা পুলিশ, এসআরবি-৫, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
সময়ের আলো/এসএকে