প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:২৬ এএম
ছবি : সংগৃহীত কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিনের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত নুরুল আমিনকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে নুরুল আমিনের মাথায় কুপিয়ে জখম করে। হামলায় ক্যাম্পে আশ্রিত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গার অংশ নেওয়ার অভিযোগও উঠেছে।
হামলার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বিক্ষুব্ধ লোকজনকে ধৈর্য ধরার আহ্বান জানান। তাঁদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, ‘নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে চার-পাঁচটি কোপ দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে বাঁচাতে ও নেগেটিভ রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।’
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘নুরুল আমিনকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী হামলায় একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
সময়ের আলো/এসএকে