প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:১৭ এএম
ছবি : সংগৃহীত দীপাবলি (কালীপূজা) উপলক্ষে আজ সোমবার (৯ নভেম্বর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা সোমবার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন। এ কারণে রোববার বিকেল থেকেই পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে তারা চিঠি দিয়ে জানিয়েছেন। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলবে। মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দীপাবলি উপলক্ষে সোমবার ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ বিষয়ে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের আগেই চিঠি দিয়ে জানানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, কালীপূজার ছুটিতে পণ্য পরিবহন বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। দুই দেশের যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।
সময়ের আলো/এসএকে