সংগৃহীত ছবিউত্তরের হিমকন্যাখ্যাত জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। হিমালয়ের পাদদেশের এ জনপদে সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডার অনুভূতি, যা থাকছে সকাল পর্যন্ত। তবে দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভূত হওয়ায় দিন ও রাতের তাপমাত্রায় দেখা দিয়েছে ভিন্নতা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ওই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল। এর আগের দিন শনিবার (৭ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকেই জেলার তাপমাত্রায় নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত ১ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৮ ডিগ্রি। এরপর ৩ নভেম্বর ১৯ দশমিক ৭, ৪ নভেম্বর ১৭ দশমিক ৪, ৫ নভেম্বর ১৯, ৬ নভেম্বর ১৭ দশমিক ৭, ৭ নভেম্বর ১৭ দশমিক ২ এবং ৮ নভেম্বর ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বশেষ সোমবার তা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
এর আগে গত ২৭ ও ২৮ অক্টোবর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যথাক্রমে ১৫ দশমিক ৪ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ২৯ অক্টোবর তাপমাত্রা বেড়ে ২০ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছালে কয়েক দিনের জন্য শীতের অনুভূতি কিছুটা কমে যায়। নভেম্বরের শুরু থেকে আবারও তাপমাত্রা কমতে থাকায় উত্তরের এ জনপদে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে ও সন্ধ্যার পর থেকে হালকা শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার মাত্রাও বাড়ছে। তবে সকাল গড়িয়ে সূর্যের তাপ বাড়লে শীতের অনুভূতি অনেকটাই কমে যায়। দুপুরের দিকে কিছুটা গরমও অনুভূত হচ্ছে। ফলে একই দিনে শীত ও গরমের ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে মানুষের।
এদিকে তাপমাত্রার এমন ওঠানামার মধ্য দিয়ে পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দেশের উত্তরের সীমান্তবর্তী এ জেলায় প্রতিবছরই তুলনামূলক আগে শীতের অনুভূতি শুরু হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা কমছে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’
তিনি আরও জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে নভেম্বরের শুরুতেই উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের মাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা কমার এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
সময়ের আলো/জোই