পুলিশ দেখে ফেসবুক লাইভে ঘুসের অভিযোগ ইউপি সদস্যের

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে গভীর রাতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে পুলিশি অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতি

2026-11-12T11:32:54+00:00
2026-11-12T11:33:39+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
পুলিশ দেখে ফেসবুক লাইভে ঘুসের অভিযোগ ইউপি সদস্যের
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম  আপডেট: ১২.১১.২০২৬ ১১:৩৩ এএম
দেবীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে গভীর রাতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে পুলিশি অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেসবুক লাইভে এসে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুস নেওয়া ও হয়রানির অভিযোগ তোলেন ওই ইউপি সদস্য। পরে স্থানীয় লোকজন জড়ো হলে তিনি পালিয়ে যান বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযানের মুখে পড়া ইউপি সদস্যের নাম মাসুদ রানা। তিনি দণ্ডপাল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

জানা গেছে, ভোরে পুলিশ বাড়িতে পৌঁছানোর পর নিজের ফেসবুক আইডি ‘এমডি মাসুদ রানা’ থেকে সরাসরি সম্প্রচারে আসেন মাসুদ রানা। এ সময় পুলিশের দিকে ক্যামেরা ধরে এসআই হারুন অর রশিদের বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ করেন তিনি।

লাইভে মাসুদ রানা দাবি করেন, কিছুদিন আগে এসআই হারুন তার বাড়িতে এসে ৫০ হাজার টাকা নিয়ে গেছেন। এরপরও ভোররাতে পুলিশ তার বাড়িতে এসে থানায় যেতে বলছে। এ সময় পুলিশের এমন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক লাইভে নিজের রাজনৈতিক পরিচয় নিয়েও কথা বলেন ওই ইউপি সদস্য। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দলের সদস্যও নন তিনি। জনপ্রতিনিধি হিসেবে যখন যে দল সরকারে থাকে, সেই সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করেন।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেলে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ এবং প্রকৃত ঘটনা প্রসঙ্গে’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ইউপি সদস্যের অভিযোগকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাসুদ রানার বাড়িতে কয়েকজন ব্যক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা ও নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন—এমন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে আট সদস্যের একটি পুলিশ দল ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায়।

পুলিশের দাবি, তাদের উপস্থিতি বুঝতে পেরে বাড়িতে থাকা কয়েকজন নারী-পুরুষ পালিয়ে যান। এ সময় মাসুদ রানা ও তার পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশের অভিযোগ, উপস্থিত লোকজন পুলিশের পথরোধ করেন এবং ধস্তাধস্তির মাধ্যমে সরকারি কাজে বাধা দেন। এ সুযোগে মাসুদ রানাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়।

পরিস্থিতির খবর পেয়ে দেবীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছান। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ কোনো ধরনের বল প্রয়োগ করেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে মাসুদ রানার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী জানান, তিনি ফেসবুকে মাসুদ রানার লাইভ ভিডিওটি দেখেছেন। তার দাবি, মাসুদ রানার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।


অপরদিকে ওই ইউপি সদস্যের সাথে দেবীগঞ্জ থানার ওসির সঙ্গে কথোপকথনের একটি অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কলরেকর্ডে শোনা যায়, ওসি তাকে থানায় আসতে বলছেন, কিন্তু তিনি এখন নয়, আগামীকাল থানায় এসে দেখা করবেন বলে শোনা যায়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে তার কোনো পদপদবি নেই বলে দাবি করেন। 

বিষয়টি জানতে ইউপি সদস্য মাসুদ রানার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম। তিনি জানান, মাসুদ রানার বিরুদ্ধে মাদক ও প্রতারণাসহ পাঁচটি মামলা রয়েছে। পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা।

পুলিশ সুপার আরও জানান, অভিযানের সময় সরকারি কাজে বাধা দেওয়া এবং আসামিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে এসআইয়ের বিরুদ্ধে ইউপি সদস্যের তোলা ৫০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে তা অস্বীকার করা হলেও অভিযোগটির স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   পুলিশ  ফেসবুক লাইভ  ঘুসের অভিযোগ  ইউপি সদস্য  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: