সংগৃহীত ছবিসিলেট ও ময়মনসিংহে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে তিনজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় প্রকাশিত দৈনিক হাম ও রুবেলা পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। একই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালও তাদের হাম পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে।
সিলেট বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ১১ ও ১২ নভেম্বর তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স যথাক্রমে ১১ মাস, ৪ মাস ১৭ দিন ও ৯ মাস। তাদের মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত শিশুদের দুজন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের বাসিন্দা।
অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা গেছে আট মাস বয়সী এক শিশু। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। হাসপাতালের তথ্য অনুযায়ী, শিশুটি গত ৮ নভেম্বর বেলা ১১টা ৫৮ মিনিটে ভর্তি হয়েছিল। ১২ নভেম্বর ভোর ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতালের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে গুরুতর নিউমোনিয়ার সঙ্গে সন্দেহভাজন হামজনিত অপরিবর্তনীয় হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১৭ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেখানে মোট ৬ হাজার ২৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ২৬ জন। এ সময়ে মারা গেছেন ৮৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬১ জন। একই সময়ে হাম সন্দেহে মারা গেছে একজন।
এদিকে, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১২ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ২৬০ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৪৫২ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ২১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০৭ জন সন্দেহভাজন এবং ১০ জন নিশ্চিত হাম রোগী। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৯ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগের সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫৮ জন।
সময়ের আলো/জোই