সুন্দরগঞ্জে মাদরাসার টাকা উত্তোলন নিয়ে অভিযোগের সত্যতা মেলেনিগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা আইডিয়াল আলিম মাদরাসার এফডিআর ও সাধারণ তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলনের ঘটনায় ওঠা অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি। তদন্তে ওই অর্থ অগ্রণী ব্যাংকের সুন্দরগঞ্জ শাখায় জমা থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
জানা গেছে, গত ১ অক্টোবর মাদরাসার সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তদন্ত অনুষ্ঠিত হয়। এতে অভিযোগকারী শিক্ষক শফিকুল ইসলাম ও অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম উপস্থিত ছিলেন। তদন্ত শেষে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান প্রতিবেদনটি মাদরাসার শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠান।
অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই মাদরাসার সাধারণ তহবিল ও এফডিআর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম এবং সভাপতি মো. মিজানুর রহমানের যৌথ স্বাক্ষরে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করা হয়। শিক্ষক-কর্মচারীরা এই অর্থ উত্তোলনকে বিধিবহির্ভূত বলে অভিযোগ করেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মিত উপস্থিতির কারণে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মাদ্রাসার আলিম স্তর এমপিওভুক্তির জন্য স্বীকৃতি নবায়ন, জমির খাজনা ও খারিজের কাগজপত্র এবং এফডিআরের প্রয়োজন হয়। আগের অধ্যক্ষের আকস্মিক মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় এসব কাজ নতুন করে সম্পন্ন করতে হয়।
প্রতিবেদনে বলা হয়, মাদরাসার নিজস্ব তহবিলে এফডিআর করার মতো অর্থ না থাকায় তৎকালীন সভাপতি মো. মিজানুর রহমান মিজানের কাছ থেকে ১ লাখ টাকা ধার নেওয়া হয়। ওই অর্থ দিয়ে গত ৫ ফেব্রুয়ারি অগ্রণী ব্যাংকের সুন্দরগঞ্জ শাখায় মাদ্রাসার নামে তিন মাস মেয়াদি এফডিআর খোলা হয়। ৫ মে এর মেয়াদ শেষ হলে পরদিন এফডিআর ভেঙে টাকা মাদরাসার সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করা হয়। পরে ৭ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতির যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন করে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে সভাপতির ঋণ পরিশোধ করা হয়।
এ ছাড়া সাধারণ তহবিলের ৩০ হাজার টাকা ব্যাংকে জমা ছিল। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাদরাসার নামে নতুন করে ১ লাখ টাকার এফডিআর করেন। ব্যাংকের প্রত্যয়নপত্র অনুযায়ী, নতুন এফডিআরটি বর্তমানে চালু রয়েছে।
অভিযোগকারী সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘প্রতিষ্ঠানের এফডিআরে আগে কোনো টাকা ছিল না। মিজান সাহেব সভাপতি হওয়ার পর এক লাখ টাকা ধার দেন। সেই টাকাসহ আমরা শিক্ষক-কর্মচারীরা মিলে মাদরাসার নামে এফডিআর করি। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই টাকা উত্তোলন করেছেন। অভিযোগ দেওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবার এফডিআর করেছেন। অভিযোগ মূলত ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সভাপতি মিজান সাহেবের বিরুদ্ধে নয়।’
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম বলেন, ‘অধ্যক্ষ তাজুল স্যারের আকস্মিক মৃত্যুর পর মাদরাসার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। আলিম স্তর এমপিওভুক্তির জন্য স্বীকৃতি নবায়ন ও জমির খাজনা-খারিজের কাগজপত্র প্রয়োজন হয়। মাদ্রাসার এফডিআর ফান্ডেও কোনো টাকা ছিল না। পরে সভাপতির কাছ থেকে টাকা ধার নিয়ে তিন মাস মেয়াদি এফডিআর করা হয়। মেয়াদ শেষ হলে টাকা উত্তোলন করে অন্য শিক্ষকদের সামনেই সভাপতির ধার নেওয়া টাকা পরিশোধ করি। পরে প্রয়োজন হওয়ায় আবার এফডিআর করা হয়েছে। সেটি বর্তমানে চালু রয়েছে।’
তৎকালীন সভাপতি মো. মিজানুর রহমান মিজান বলেন, ‘আমাকে এডহক কমিটির সভাপতি করা হয়েছিল। মাদরাসার এফডিআরে কোনো টাকা ছিল না। আমি এক লাখ টাকা ধার দিয়েছিলাম। সেই টাকায় এফডিআর করে মাদ্রাসার যাবতীয় কাজ করা হয়। পরে সেই টাকা উত্তোলন করে ধার পরিশোধ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল বিষয়টি নিয়ে উঠেপড়ে লেগেছে। তারা সমাজে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’
গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত করেছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে মাদরাসার সাধারণ তহবিল ও এফডিআরে মোট ১ লাখ ৩০ হাজার টাকা অগ্রণী ব্যাংকের সুন্দরগঞ্জ শাখায় জমা থাকার প্রমাণ মিলেছে। তদন্ত প্রতিবেদনটি মাদরাসার শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।’
সময়ের আলো/জোই