প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম
সজীব তালুকদার। ছবি : সংগৃহীতগাইবান্ধায় মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্তা, হুমকি ও পদত্যাগে বাধ্য করার অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম সজীব তালুকদার (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মাহমুদবাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। একদল যুবক প্রধান শিক্ষকের কার্যালয়ে ঢোকে। তারা জোবায়ের হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে বয়স কমানোর দাবি জানায়। এ নিয়ে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে তারা কার্যালয়ের সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর নানা ধরনের হুমকি দেয়। মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় বিদ্যালয়ের প্রয়োজনীয় চাবির গোছা ছিনিয়ে নেয়। জোর করে সাদা কাগজে তার স্বাক্ষরও নেয়। পরে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে রাতেই থানায় অভিযোগ করেন। অভিযোগে সজীব তালুকদার (৩৫), জোবায়ের হোসেন (১৬), মো. কাউসার (২২), জনি মিয়া (২৫) ও গালিবের (২৫) নাম উল্লেখ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ১১ নভেম্বর সজীবকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সজীবকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন