চার বিচারকের কাঁধে প্রায় ১৫ হাজার মামলা, চুয়াডাঙ্গায় বিচারক সংকট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গায় মাত্র চারজন বিচারককে সামলাতে হচ্ছে প্রায় ১৫ হাজার মামলা। বিচারক সংকট, একাধিক আদালতের অতিরিক্ত দায়িত্ব পালন, জরাজীর্ণ কক্ষ এবং

2026-11-12T14:51:04+00:00
2026-11-12T14:51:04+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
চার বিচারকের কাঁধে প্রায় ১৫ হাজার মামলা, চুয়াডাঙ্গায় বিচারক সংকট
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম 
চুয়াডাঙ্গায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গায় মাত্র চারজন বিচারককে সামলাতে হচ্ছে প্রায় ১৫ হাজার মামলা। বিচারক সংকট, একাধিক আদালতের অতিরিক্ত দায়িত্ব পালন, জরাজীর্ণ কক্ষ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন না থাকায় ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়ছেন বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টরা। তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও মামলার বিচার ও নিষ্পত্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত বিচারকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১ নভেম্বর চুয়াডাঙ্গায় চিফ জুডিশিয়াল ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই নানা অবকাঠামোগত ও জনবল সংকটের মধ্য দিয়ে চলছে আদালতগুলোর কার্যক্রম। এর মধ্যে প্রতিনিয়ত বাড়ছে মামলার সংখ্যা। বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন বিভিন্ন আদালতে ১৪ হাজার ৭৯১টি মামলা বিচারাধীন রয়েছে।

সাতটি বিচারকের পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র চারজন। এর মধ্যে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদের বিপরীতে একজন এবং তিনটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদের বিপরীতে দুজন কর্মরত রয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে তিনটি পদ শূন্য রয়েছে।

এ অবস্থায় একজন বিচারককে একসঙ্গে তিন থেকে পাঁচটি আদালতের দায়িত্ব পালন করতে হচ্ছে। চারজন বিচারক সমন্বয় করে মোট ১৭টি আদালতের কার্যক্রম পরিচালনা করছেন।

অবকাঠামোগত সংকটও প্রকট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন আদালতগুলোর কার্যক্রম চলছে জেলা জজ আদালত ভবনের ছোট ছোট কয়েকটি জরাজীর্ণ কক্ষে। দীর্ঘ ১৯ বছরেও চুয়াডাঙ্গায় নির্মিত হয়নি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন। ফলে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিয়মিত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি বিচারকদের সামারি ট্রায়াল মামলারও বিচার করতে হচ্ছে। ইতোমধ্যে পাঁচটি আদালতে প্রায় ৬০০টি সামারি ট্রায়াল মামলার বিচার সম্পন্ন হয়েছে।


বিচারপ্রার্থীরা জানান, দীর্ঘদিন মামলা চলায় তারা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আদালতের কক্ষগুলোও বিচারিক কার্যক্রম পরিচালনার উপযোগী নয়। ছোট কক্ষে গাদাগাদি করে বসতে হয়। টয়লেটের ব্যবস্থা নাজুক এবং অপেক্ষা করার জন্য পর্যাপ্ত বসার জায়গাও নেই।

তবে নানা সমস্যার মধ্যেও গত এক বছরে বিচারিক কার্যক্রমে কিছুটা গতি ফিরেছে বলে মনে করছেন তারা। দ্রুত বিচারক নিয়োগ এবং মামলাগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিচারপ্রার্থীরা।

জেলা জজ আদালতের আইনজীবীরা জানান, একজন বিচারককে একসঙ্গে তিন থেকে পাঁচটি আদালতের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতগুলো আদালতের কার্যক্রম সামলানো কঠিন হলেও বিচারকরা তা চালিয়ে যাচ্ছেন। নিয়মিত মামলার পাশাপাশি সামারি ট্রায়াল মামলার কার্যক্রমও পরিচালনা করতে হচ্ছে তাদের। বিচারক ও আইনজীবীদের কর্মপরিবেশের পাশাপাশি বাদী-বিবাদীদের সুযোগ-সুবিধাও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা।

চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মারুফ সরোয়ার বাবু বলেন, নানা সংকটের মধ্যেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিচারিক কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। তবে চারজন বিচারক দিয়ে প্রায় ১৫ হাজার মামলা পরিচালনা করা অত্যন্ত কঠিন। চুয়াডাঙ্গায় এখনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন নির্মাণ হয়নি। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   চুয়াডাঙ্গা  বিচারক সংকট  বিচারাধীন মামলা  বিচার বিভাগ  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালত ভবন  মামলাজট  বিচারপ্রার্থী  পাবলিক প্রসিকিউটর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: