আসামি লিমন মিয়াকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সময়ের আলোরাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যার মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আরও দুটি ধারায় তাকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার এক দিন আগেই মামলার রায় হলো। দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার একটি বহুতল ভবনে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলা চালান লিমন। এ সময় বিচারকের ছেলে তাওসিফকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি।
ঘটনার পর পুলিশ আহত অবস্থায় লিমনকে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
মামলার বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ধরনের ঘটনা আইন ও বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলেও জানান তিনি।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
নিহত তাওসিফ রাজশাহী নগরীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লিমনের সঙ্গে তার মা তাসমিন নাহার লুসির পূর্বপরিচয় ছিল। আর্থিক সহায়তা দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় বলে জানা গেছে।
এ ঘটনায় হত্যাকাণ্ডের আগে সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাসমিন নাহার। গত বছরের ৬ নভেম্বর করা ওই অভিযোগে তিনি হত্যার হুমকির বিষয়টি উল্লেখ করেন।
অভিযোগে বলা হয়, কোয়ান্টাম ফাউন্ডেশনের এক সদস্যের মাধ্যমে লিমনের সঙ্গে তার পরিচয় হয়। লিমনের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাকে কয়েক দফা আর্থিক সহায়তা দিয়েছিলেন তিনি। পরে আর্থিক সহায়তা দিতে অপারগতা প্রকাশ করলে লিমন ক্ষুব্ধ হন এবং ফোনে হুমকি দিতে থাকেন। ৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে লিমন তার মেয়েকে ফোন করে তাকে ও পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার বিবরণে আরও জানা যায়, হত্যাকাণ্ডের দিন বিচারকের ভাই পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন লিমন। ওই সময় বাসায় তাওসিফ ও তার মা ছাড়া অন্য কেউ ছিলেন না। হামলার পর তাওসিফের রক্ত নিজের শরীরে মেখে আহত হওয়ার ভান করে পড়ে থাকেন তিনি। পরে পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য লিমনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই