প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৪২ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৪৬ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচাগোল্লা তৈরি। ছবি : সময়ের আলো দেশের ১৭তম জিআই পণ্য নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার সুনাম রক্ষায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (১১ নভেম্বর) রাতে নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম রবীন্দ্রনাথ কুণ্ডু (৫০)। তিনি একই এলাকার মৃত ননী কুণ্ডুর ছেলে।
অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে রবীন্দ্রনাথ কুন্ডু দোষ স্বীকার করলে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি কারখানাটি স্থায়ীভাবে সিলগালা এবং সেখানে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
নাটোরের নিরাপদ খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান নীপ জানান, জয়কালিবাড়ীর দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে। কারখানার বিভিন্ন স্থানে তেলাপোকার উপস্থিতি দেখা যায়। এ ছাড়া মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্য পড়ে ছিল। এসব অনিয়মের কারণে খাদ্যপণ্যের নিরাপত্তা ও মান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়।
পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩-এর ৩৩ ধারায় ব্যবসায়ীকে এ দণ্ড দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা পলাশ কুমার বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদনের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, নাটোরের ঐতিহ্য ধরে রেখে উৎপাদকরা কাঁচাগোল্লা তৈরি করেন। তবে বাইরে বিকৃত আকারে কাঁচাগোল্লা বিক্রির খবর বিভিন্ন সময় পাওয়া যায়। এসব অনিয়ম ও বিকৃতি রোধে জেলা প্রশাসন ভূমিকা রাখবে। প্রয়োজনে আরও বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ আগস্ট দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে নাটোরের কাঁচাগোল্লার স্বীকৃতি অনুমোদন দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত অনুমোদনটি নাটোর জেলা প্রশাসকের নামে দেওয়া হয়।
সময়ের আলো/জোই