প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম
সার পাচারের একটি বড় চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীতবেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ২৫ টন কেমিক্যাল পাচারের একটি বড় চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যভর্তি ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই পণ্য চালানের আমদানিকারক প্রতিষ্ঠান হলো ‘অনিন্দিতা ইন্টারন্যাশনাল’ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ব্রাইট ইন্টারন্যাশনাল।’ বন্দর থেকে কোনো প্রকার শুল্ক পরিশোধ বা এন্ট্রি না করেই অত্যন্ত গোপনে বাংলাদেশি ট্রাকে পণ্যগুলো খালাসের চেষ্টা করা হচ্ছিল।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, কাগজপত্রে পণ্যগুলোকে ‘ট্যালকম পাউডার’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয় এবং ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত সত্যতা মেলেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল পাচার এবং বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কাস্টমস আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দকৃত পণ্য চালানটি বর্তমানে বন্দরের কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দরের পক্ষ থেকেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, একটি চক্র দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এই অসাধু চক্রটি বেপরোয়া হয়ে ওঠায় সরকারের রাজস্ব আয়ও দিন দিন কমে যাচ্ছে।
সময়ের আলো/এনএন