কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরেও শুরু হয়নি সংস্কার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়ক সংস্কারের কাজ পেয়ে উধাও হয়েছেন ঠিকাদার।সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে

2026-11-12T15:24:36+00:00
2026-11-12T15:24:36+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরেও শুরু হয়নি সংস্কার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম 
খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়ক সংস্কারের কাজ পেয়ে উধাও হয়েছেন ঠিকাদার। সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। টেন্ডার ও কার্যাদেশের মেয়াদ শেষ হলেও দেড় বছর পার হয়ে গেছে, এখনো শুরু হয়নি সংস্কারকাজ। ফলে খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজার হাজার মানুষ। প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা।

স্থানীয়রা জানায়, মহেশপুর উপজেলার খর্দ্দখালিশপুর গ্রামের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কটি দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

জনদুর্ভোগ কমাতে গত বছরের ২৪ সেপ্টেম্বর সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজের দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। তবে কার্যাদেশ পাওয়ার পর নানা অজুহাতে কাজ শুরু না করে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। একপর্যায়ে গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলেও সংস্কারকাজ শুরু করেননি। এতে দীর্ঘদিন ধরে সংস্কারের আশায় থাকা এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বলেন, চার পাঁচ বছর ধরে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। শুনেছিলাম সংস্কারের জন্য টেন্ডার হয়েছে, ঠিকাদারও কাজ পেয়েছেন। কিন্তু এতদিন পার হলেও কাজ শুরু হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা দরকার।

কলেজ শিক্ষক শামিম হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতেও সমস্যা হয়। ঠিকাদার কাজ পেয়েও কেন কাজ করছেন না, তা আমাদের বোধগম্য নয়।

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পাচ্ছি, কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। দ্রুত কাজ শুরু না হলে আমাদের ভোগান্তির শেষ হবে না। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের এই সড়ক দিয়ে ঝিনাইদহের এসবিকে, সাব্দালপুর এবং চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ চলাচল করেন।

মহেশপুর উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। দরপত্রের প্রক্রিয়া শেষ হলে সড়ক সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   উধাও ঠিকাদার  সংস্কার  বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান  সড়ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: