প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
দরবার টেক এলাকার মুসার বাপের বাড়ির পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। ছবি : সময়ের আলোচট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৮ মণ মাছের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পুকুরের মালিক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবার টেক এলাকার মুসার বাপের বাড়ির পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের।
পুকুরের মালিক রিদোয়ান খান জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার বড় ভাই কপিল পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখেন। পরে তারা পুকুরে গিয়ে বিষয়টি নিশ্চিত হন।
রিদোয়ান বলেন, গত জানুয়ারিতে ৭৫ হাজার টাকা ব্যয়ে পুকুরে রুই, বিগহেড, পাঙ্গাস, নাইলোটিকা ও কার্পজাতীয় মাছ ছাড়া হয়েছিল। বর্তমানে রুই মাছের একেকটির ওজন দুই কেজির বেশি এবং পাঙ্গাস মাছের ওজন প্রায় তিন কেজি হয়েছে।
তিনি জানান, পুকুরে বিষ প্রয়োগের কারণে আনুমানিক ৭ থেকে ৮ মণ মাছ মারা গেছে। এতে আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শখের বসে মাছ চাষ শুরু করেছিলেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে রমজানের শুরুতে পুকুরে জাল দিয়ে মাছ ধরার পরিকল্পনা ছিল। কিন্তু এ ঘটনায় তার সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন