প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম
মুফতি আমির হামজার। ছবি : সংগৃহীতঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন নিয়ে দিনভর অনিশ্চয়তার অবসান হয়েছে। রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে একমত হয়েছে বিএনপি ও জামায়াত। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত জরুরি সভায় এ সমঝোতা হয়।
সভা শেষে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, কুরআনের মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দিতে আমির হামজাকে অনুরোধ করা হবে। মাহফিল আয়োজনের ক্ষেত্রে বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এরপর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ মাহফিল আয়োজনের কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার।
দিনভর আলোচনা ও বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অবস্থানের পর রাতে সমঝোতা হওয়ায় মাহফিল আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জরুরি সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে