গ্রামে হিন্দু না থাকলেও ৪০ বছর ধরে শিবমন্দিরের সেবায় মুসলিম মান্নান

রানা আহমেদ, সিরাজগঞ্জ

সারাদেশ

ধর্ম যার যার, সম্প্রীতি সবার—এই চেতনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের তাড়াশ উপজেলার তালম গ্রাম। গ্রামের আশপাশে

2026-11-13T13:12:39+00:00
2026-11-13T13:12:39+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
গ্রামে হিন্দু না থাকলেও ৪০ বছর ধরে শিবমন্দিরের সেবায় মুসলিম মান্নান
রানা আহমেদ, সিরাজগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম 
৪০ বছর ধরে মন্দিরটি আগলে রেখেছেন। ছবি : সময়ের আলো
ধর্ম যার যার, সম্প্রীতি সবার—এই চেতনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের তাড়াশ উপজেলার তালম গ্রাম। গ্রামের আশপাশে প্রায় তিন কিলোমিটারের মধ্যে নেই হিন্দু সম্প্রদায়ের কোনো বসতি। অথচ শত শত বছর ধরে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি প্রাচীন শিবমন্দির। আর সেই মন্দিরের পূজা-অর্চনা ও দেখভালের দায়িত্ব পালন করে আসছেন আব্দুল মান্নান নামে একজন মুসলিম ব্যক্তি। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে মন্দিরটি আগলে রেখেছেন।

শুধু আব্দুল মান্নানই নন, তালম গ্রামের অন্যান্য বাসিন্দারাও মন্দিরটির দেখাশোনা করেন। শিবপূজার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন। গ্রামের বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে তারা পূজা-অর্চনা করেন। এ সময় স্থানীয় মুসলিম বাসিন্দারা তাদের থাকা, খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় কাজে সহযোগিতা করেন। ধর্মীয় ভিন্নতা থাকলেও তাদের মধ্যে নেই কোনো বিরূপ মনোভাব; বরং রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন।


স্থানীয়দের দাবি, প্রাচীন এই শিবমন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনার জনশ্রুতি। একসময় একটি দল মন্দির থেকে শিবলিঙ্গটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে তারা সেটি পুরোপুরি সরাতে পারেনি বলে জানান স্থানীয়রা। মন্দিরসংলগ্ন দুধপুকুর পর্যন্ত নেওয়ার কথা প্রচলিত রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। সেই ভিডিও দেখে বগুড়ার কাহালু থেকে মন্দিরটি দেখতে আসেন বলোরাম রায় ও যুগল চন্দ্র বিশ্বাসসহ অনেকে।

তাদের কাছে তালম গ্রামের এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিম অধ্যুষিত একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের অনুপস্থিতিতেও প্রাচীন মন্দিরের পূজা-অর্চনা ও সংরক্ষণ অব্যাহত থাকা তাদের মুগ্ধ করেছে।


ধর্মীয় পরিচয় আলাদা হলেও মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, সহযোগিতা ও ভালোবাসাই যে সমাজকে সুন্দর করে তোলে, তালম গ্রামের এই শিবমন্দির যেন সেই বার্তাই দিয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে।

বগুড়ার কাহালু উপজেলা থেকে মন্দিরটি দেখতে আসা বলো রাম রায় বলেন, আমরা মোবাইলে একটি ভিডিওতে দেখতে পাই, এই গ্রামে শিবের মন্দির আছে। অথচ সেখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ নেই। একজন মুসলিম মানুষ মন্দিরটি দেখাশোনা করেন। বিষয়টি আমাদের খুবই ভালো লেগেছে। তাই মন্দিরটি দেখতে এখানে এসেছি।

একই উপজেলা থেকে আসা যুগল চন্দ্র বিশ্বাস বলেন, এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষ না থাকার পরেও একজন ইসলাম ধর্মের মানুষ যেভাবে মন্দিরটি দেখাশোনা করছেন, আমরা সত্যিই গর্বিত। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অসাধারণ দৃষ্টান্ত।

স্থানীয় বাসিন্দা আব্দুল সবুর বলেন, তালম গ্রাম আমরা জন্মের পর থেকেই এই মন্দিরটি দেখে আসছি। আমাদের গ্রামের মানুষ মন্দিরটির দেখাশোনা করেন। পূজার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজন এখানে এলে আমরা তাদের সব দিক থেকে সহযোগিতা করি। আর মান্নান প্রায় ৪০ বছর ধরে মন্দিরটি দেখাশোনা করছেন।


মন্দিরটি দেখভালের দায়িত্বে থাকা আব্দুল মান্নান বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে এই মন্দিরটি দেখাশোনা করছি। এখানে হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ বসবাস করেন না। তাই আমি নিজেই দায়িত্ব নিয়ে মন্দিরটি আগলে রেখেছি। বহুবার শিবলিঙ্গটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তা সম্ভব হয়নি। আমি যতদিন পারব, ততদিন মন্দিরটির সেবা ও দেখাশোনা করে যাব।

ধর্মীয় বিভেদ নয়, মানবিকতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে একটি সমাজকে এগিয়ে নিতে। তাড়াশের তালম গ্রামের প্রাচীন শিবমন্দির আর মুসলিম মান্নানের দীর্ঘ চার দশকের সেবার গল্প তাই শুধু একটি মন্দিরের ইতিহাস নয়, বরং সম্প্রীতির বাংলাদেশকে তুলে ধরার এক অনন্য উপাখ্যান।

সময়ের আলো/জোই
  বিষয়:   গ্রাম  হিন্দু  শিবমন্দির  সেবা  মুসলিম  মান্নান  সিরাজগঞ্জ  চলনবিল  তাড়াশ উপজেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: