সংবাদ সম্মেলনে মো. সাদ্দাম হোসেন রুবেল। ছবি : সময়ের আলো নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে পৈতৃক জমি দখল এবং বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন রুবেল একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাদ্দাম হোসেন রুবেল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আবদুল্লা আল ফারুক অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের পরিবারের সঙ্গে ফারুকের বিরোধ চলে আসছে। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের রেকর্ডীয় জমি দখল করে বাড়িতে প্রবেশের পথ বন্ধ করে রাখা হয়েছে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়ার সময় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রুবেল আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। আবদুল্লা আল ফারুকের ইন্ধনে তার জেঠাতো ভাই বেলায়েত হোসেন মজনু, অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু ও শাহ আলমসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই হামলার পর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হয়েছে তাকে।
সংবাদ সম্মেলনে রুবেল দাবি করেন, আবদুল্লা আল ফারুকের পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের অর্থদাতা। তার অভিযোগ, অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুর মাধ্যমে একাধিক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর তৎকালীন সরকারের মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তার ভাইয়ের মাধ্যমে বিপুল অর্থের বিনিময়ে মামলাগুলো প্রত্যাহার করিয়ে নেন ফারুক।
এ ছাড়া ফারুকের তিন ভাইয়ের বিরুদ্ধে আদম ব্যবসা নিয়ে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন রুবেল। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে দাওয়াত করে ভূরিভোজের আয়োজন করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
রুবেলের অভিযোগ, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লা আল ফারুক আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বিভিন্ন অপকর্মে জড়াতে তিনি কিশোর গ্যাং গঠন করেছেন। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে একাধিকবার দল থেকে বহিষ্কারও করিয়েছেন। এ ছাড়া ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোক ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
রুবেল বলেন, এসব বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পৈতৃক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নোয়াখালী-৩, ৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপির নেতাদের সহযোগিতা কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লা আল ফারুক তা অস্বীকার করেন। তিনি বলেন, রুবেলের কোনো জমি তার দখলে নেই। রুবেলের সঙ্গে তার কোনো বিরোধও নেই। তার জেঠাতো ভাই মজনুর সঙ্গে রুবেলের বিরোধ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রুবেলকে দিয়ে এসব অভিযোগ করাচ্ছেন।
সংবাদ সম্মেলনে রুবেলের মা শাহজান বেগম ও বড় ভাই বেলায়েত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই