প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম
এক পাশে সংযোগ সড়ক না থাকায় অকেজো অবস্থায় পড়ে আছে সেতু। ছবি : সময়ের আলোনির্মাণের এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও মানুষের কোনো কাজে আসছে না সেতুটি। এক পাশে সংযোগ সড়ক না থাকায় সরকারি অর্থায়নে নির্মিত সেতুটি পড়ে আছে অকেজো অবস্থায়। ফলে সেতু থাকার পরও আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষা মৌসুমে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের বামনজল দোলাপাড়া খালের ওপর নির্মিত সেতুটির এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বামনজল গ্রামের মণ্ডলপাড়া ও দোলাপাড়া এলাকার মানুষের উপজেলা সদর ও মীরগঞ্জ হাটে যাতায়াতের সংক্ষিপ্ত পথ আব্দুল মজিদ মণ্ডল হাফেজিয়া মাদরাসা-আব্দুর রহমান ব্যাপারির বাড়ি-কান্দি সড়ক। মাঝপথে খালের ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। এ দুর্ভোগ লাঘবে অন্তত ১০ বছর আগে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেতুর উত্তর পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় এটি ব্যবহার উপযোগী হয়ে ওঠেনি। ফলে সেতু নির্মাণের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, সেতুটি নির্মাণের সময় তাদের প্রত্যাশা ছিল, এর মাধ্যমে যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য সহজে হাটবাজারে নেওয়া যাবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারবে। কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। এখনো বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। বর্ষা মৌসুমে সেতুর উত্তর পাশে পানি জমে থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়।
নবম শ্রেণির শিক্ষার্থী রেখা বেগম বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি, সেতুর এক পাশে সংযোগ সড়ক নেই। অনেক টাকা ব্যয় করে সেতুটি নির্মাণ করা হলেও কোনো কাজে আসছে না। বর্ষা মৌসুমে সেখানে কোমরসমান পানি থাকে। অনেক দূর ঘুরে স্কুলে যেতে হয়। এ ছাড়া রোগী ও কৃষকদেরও যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়।’
দীর্ঘদিনের এ দুর্ভোগ লাঘবে আসন্ন শুষ্ক মৌসুমেই সেতুটির সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার বলেন, ‘সেতুটির সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি আমার নজরে রয়েছে। সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পেতে চেষ্টা করছি। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘প্রথমে সেতুতে সংযোগ সড়ক না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।’
সময়ের আলো/জোই