প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ১২:১৭ পিএম
কুয়াকাটা বাস টার্মিনালে আগুনের বোতল নিক্ষেপ। ছবি : সময়ের আলো পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা বাসটার্মিনালে মডার্ন পরিবহণ লক্ষ্য করে আগুনের বোতল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গভীর রাতে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাস টার্মিনালের বাইরে থেকে ভেতরে রাখা মডার্ন পরিবহণ লক্ষ্য করে বোতলটি নিক্ষেপ করা হয়। এতে বাসটির একাংশে আগুন ধরে যায়। পরে আগুনে বাসটির আংশিক ক্ষতি হয়। এ সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, আলিপুর, মহিপুর ও কুয়াকাটা অত্যন্ত শান্ত এলাকা। এখানে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভয়ের সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা বিঘ্নিত হবে।
এ ঘটনায় মহিপুর থানা বিএনপির দফতর সম্পাদক কাউসার মনির বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বাস টার্মিনালের ভেতরে আগুনের বোতল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে আমরা দ্রুত আলোচনায় বসে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করব। তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।
মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, আমি বর্তমানে বরিশালে অবস্থান করছি। এটি একটি গুপ্ত হামলা। এলাকায় ফিরে কুয়াকাটার নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করব। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপিসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে তৎপর রয়েছেন।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের প্রতি আমার বার্তা—কোনো ঘটনা বা ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে প্রশাসনের সহযোগিতা নিন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন।
এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, এটি পেট্রোল বোমা নয়। বোতলের ভেতরে কেরোসিন ও কাপড় ব্যবহার করা হয়েছে। এটি বিস্ফোরিত হয় না, শুধু আগুন ধরে। নিক্ষেপ করা দুটি বোতলের মধ্যে একটিতে আগুন জ্বলেছিল এবং অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পর্যটননির্ভর কুয়াকাটার গুরুত্বপূর্ণ বাসটার্মিনালে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং কুয়াকাটাসহ আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।
সময়ের আলো/জোই