প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম আপডেট: ১০.১১.২০২৬ ১১:০৮ এএম
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে, ট্রাকে অগ্নিসংযোগ। ছবি : সংগৃহীত বরগুনার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া, ট্রাকে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে জেলার বেতাগীসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়। পাশাপাশি বেতাগী পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বেতাগী উপজেলা পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সময়ে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে বেতাগী সরকারি কলেজেও তালা দেওয়া হয়। এ ছাড়া বেতাগী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
রাতের বিভিন্ন সময়ে বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েও তালা দেওয়া হয়। এসব স্থানে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের পোস্টার লাগানো হয়।
এদিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের চান্দখালী বাইপাস এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। জেলার পাথরঘাটা সরকারি কলেজ এবং বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক (এনাম) বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তালাবদ্ধ প্রতিষ্ঠানগুলোর তালা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।
সময়ের আলো/জোই