প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:১৩ এএম
সংগৃহীত ছবিমানিকগঞ্জে পার্কিং করে রাখা স্বাধীনতা পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন নবীন সিনেমা হলের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা পরিবহনের বাসটি বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে চালক মোজাফর ও হেলপার রুবেল রাতের খাবার খেতে একটি হোটেলে যান। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি প্রায় পুড়ে যায়।
ওসি মো. মনির হোসেন বলেন, বাসে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে রাতে সদর থানা-পুলিশ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সময়ের আলো/জোই