নারায়ণগঞ্জে গভীর রাতে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ অর্ধশত শিক্ষার্থী

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

2026-11-10T08:40:59+00:00
2026-11-10T08:40:59+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে গভীর রাতে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ অর্ধশত শিক্ষার্থী
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪০ এএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া একজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। আরও রোগী আসতে পারেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতে মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়েছিলেন। এ সময় দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও ইনহেলেশন বার্নে আক্রান্ত হন। পরে মাদরাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


ফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, রাত ১টা ৫৫ মিনিটে মাদরাসায় আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৩টা ৪৩ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, মাদরাসার দ্বিতীয় তলায় লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। এতে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নারায়ণগঞ্জ  ফতুল্লা  মাদ্রাসায় আগুন  জামিয়া আশরাফিয়া মাদ্রাসা  শিক্ষার্থী অসুস্থ  বার্ন ইনস্টিটিউট  অগ্নিকাণ্ড  ফায়ার সার্ভিস  আইসিইউ  ইনহেলেশন বার্ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: