মাগুরায় বিএনপির রাজনৈতিক কার্যালয়ের আদলে একটি কক্ষ সাজিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় ওই বাড়ি থেকে নগদ ৫০ হাজার ৪৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল বাদী হয়ে মামলা করেন।
পুলিশ জানায়, বাড়িটির একটি কক্ষে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের ছবি টাঙানো ছিল। ওই কক্ষেই নিয়মিত জুয়ার আসর বসাতেন বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন বলে অভিযোগ রয়েছে।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তিনি জানেন না। তবে অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে কেউ নেতা-নেত্রীদের ছবি যথেচ্ছ ব্যবহার করলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে।