প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৮ এএম
চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি : সময়ের আলোগাজীপুরের কালিয়াকৈরে একদিনে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানসহ তিনটি পরিবহণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মী-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
জানা গেছে, গত কয়েক দিন ধরে ওয়ালটন কারখানার মালামাল পরিবহণের জন্য কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, একই দিন ভোরে একটি আজমেরী পরিবহণের বাসে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকায় আরেকটি আজমেরী পরিবহণের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে একদিনে কালিয়াকৈরে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
সময়ের আলো/আতা