ফাইল ছবিধান থেকে চাল। এরপর মিল থেকে আড়ত-পাইকারি বাজার হয়ে খুচরা দোকান। প্রতিটি ধাপেই যুক্ত হচ্ছে নতুন খরচ। সেই সঙ্গে বাড়ছে দাম। কিন্তু কোন পর্যায়ে কত টাকা ব্যয় হচ্ছে, আর কতটা ব্যবসায়ীর মুনাফা হিসেবে থাকছে তার স্পষ্ট হিসাব নেই।
উত্তরাঞ্চলের অন্যতম চাল উৎপাদন ও বিপণনকেন্দ্র বগুড়ার শেরপুরে মিলগেট থেকে খুচরা বাজারে পৌঁছাতেই কোনো কোনো চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এই বাড়তি টাকার পুরোটাই গুনতে হচ্ছে ক্রেতাকে।
অথচ চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি, বাজারদর পর্যবেক্ষণ এবং খাদ্যশস্যের মজুদ ব্যবস্থাপনা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত সরকারি গুদামে চালের মজুদ ছিল ১৭ লাখ ৯৬ হাজার ৪১৬ মেট্রিক টন। চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ ছিল ২১ লাখ ৭ হাজার ৩৫২ মেট্রিক টন। ভাসমান মজুদসহ এর পরিমাণ ২১ লাখ ১৭ হাজার ৩১৬ মেট্রিক টন। এত মজুদের মধ্যেও খুচরা বাজারে চালের উচ্চমূল্য এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে দামের ব্যবধান নতুন করে প্রশ্ন তুলছে।
বগুড়ার শেরপুর ও বৃহত্তম মোকাম তালোড়ার চাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝারি ও সরু জাতের ধানের দাম মণপ্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে চালের দামে। মাঝারি চালের দাম কেজিতে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরু চালের দামও ঊর্ধ্বমুখী। শুধু ধানের মূল্যবৃদ্ধি নয়; বিদ্যুৎ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে এর কারণ হিসেবে দেখাচ্ছেন মিলমালিক ও ব্যবসায়ীরা।
শেরপুরের ব্যবসায়ীদের দেওয়া তথ্য বলছে, এক মাস আগে মাঝারি চালের কেজি ছিল ৪৫ থেকে ৪৬ টাকা। বর্তমানে তা মানভেদে ৫০ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। সরু কাটারি চালের দাম আগে ছিল ৭৫ থেকে ৭৬ টাকা। বর্তমানে মিল পর্যায়ে তা ৭৮ থেকে ৭৯ টাকায় উঠেছে। খুচরা বাজারে একই ধরনের চাল কিনতে হচ্ছে ৮৪ থেকে ৮৫ টাকায়।
ব্যবসায়ীদের হিসাবে, মাঝারি চাল মিলগেটের তুলনায় খুচরা পর্যায়ে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সরু চালের ক্ষেত্রে এই ব্যবধান ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। অর্থাৎ ৩০ কেজির এক বস্তা চাল কিনতে মিলগেট ও খুচরা বাজারের দামের ব্যবধান দাঁড়াচ্ছে ১২০ থেকে ২৪০ টাকা।
একজন ক্রেতা মাসে ৩০ কেজি চাল কিনলে শুধু এই মূল্য ব্যবধানের সমপরিমাণ অর্থই তাকে বেশি গুনতে হয়। তবে দামের এই পার্থক্যের পুরোটাই ব্যবসায়ীর লাভ নয়। এর মধ্যে পরিবহন, শ্রমিক, বস্তা, দোকান ভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয় রয়েছে।
চাল ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘মিল থেকে চাল কিনে বাজারে পৌঁছানো পর্যন্ত কয়েকটি পর্যায়ে খরচ হয়। পরিবহন, ওঠানো-নামানো, বস্তা ও দোকান পরিচালনার ব্যয় রয়েছে। এসব খরচের পর ব্যবসায়ীদেরও কিছু মুনাফা রাখতে হয়।’
শেরপুরের বাজারে মাঝারি জাতের ধানের মণ এক মাস আগে বিক্রি হয়েছে এক হাজার ১০০ টাকা। বর্তমানে তা এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায় উঠেছে। সরু জাতের ধান আগে এক হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে এক হাজার ৯০০ থেকে দুই হাজার টাকায়।
মাঝারি চাল উৎপাদনে ব্যবহৃত ব্রি ধান-২৯, বিনা-৭ ও বিনা-১৭ জাতের ধানের মূল্যবৃদ্ধির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। কাটারিসহ সরু জাতের ধানের দামও বেড়েছে।
ধানের মূল্যবৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যয় বাড়ার কথাও বলছেন মিলমালিকরা। তাদের দাবি, শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে চাল প্রক্রিয়াজাতকরণে কেজিপ্রতি অতিরিক্ত ১ থেকে ৩ টাকা ব্যয় হচ্ছে। পরিবহন খরচ বেড়েছে কেজিতে ৫০ পয়সা থেকে এক টাকা পর্যন্ত।
সময়ের আলো/আতা